প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬
বিশেষ প্রতিনিধি :
সরকারি চাকরির বিধি লঙ্ঘন করে বেসরকারি ডেভেলপার ব্যবসা, ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রি এবং জমি-সংক্রান্ত নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের পাঁচ প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিভিন্ন অনুসন্ধানী তথ্য, নথিপত্র, ভিডিও ফুটেজ ও প্রচার-প্রচারণা বিশ্লেষণে এসব বিষয়ের সত্যতা মিলেছে।
মিজানুর রহমান মিজান (উপসহকারী প্রকৌশলী): এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন তিনি। অনুসন্ধানে ‘ফিউচার ড্রিম বিল্ডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের তথ্য উঠে এসেছে, যা ভবন নির্মাণ, নকশা, রাজউক প্ল্যান পাস, মাটি পরীক্ষা ও ইন্টেরিয়র সেবার কাজ করে। মোহাম্মদপুরের ওয়াশপুর, মিরপুরের গৈদারটেক, উত্তরা দিয়াবাড়ি ও সাভার-নবীনগরে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে। অভিযোগ অনুযায়ী, মিজানুর রহমানের দুই ভাই প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ পদে যুক্ত—যার মধ্যে একজনের হেড অব মার্কেটিং হিসেবে কাজ করার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে। অভিযোগকারীদের দাবি, তিনি নিজে সরাসরি যুক্ত না থেকে পরিবারের সদস্যদের মাধ্যমে ব্যবসাটি পরিচালনা করছেন।
আব্দুর রউফ (উপসহকারী প্রকৌশলী, ই/এম): গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুদক চেয়ারম্যান বরাবর দেওয়া লিখিত অভিযোগে তাঁর বিরুদ্ধে ডেভেলপার নেটওয়ার্কে যুক্ত থাকা ও ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রির সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে মোহাম্মদপুর-বসিলা ব্রিজসংলগ্ন ওয়াশপুর টাওয়ারের নিচতলার (অফিস-২, ১৮/৪) একটি ডেভেলপার প্রতিষ্ঠানের কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ফোনে ফ্ল্যাট বিক্রির বিষয়ে তাঁর কথোপকথনের প্রেক্ষাপট ও সম্ভাব্য আর্থিক লেনদেন তদন্তের অনুরোধ জানানো হয়েছে।
আবুল বাসার (সহকারী প্রকৌশলী, ই/এম) ও গুলনাহার (সহকারী প্রকৌশলী, ই/এম): ‘ডালাস ডেভেলপারস অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড’-এর সঙ্গে আবুল বাসারের কথিত পার্টনারশিপের অভিযোগ রয়েছে এবং তাঁর ভাই ইঞ্জিনিয়ার রাশেদ-উল আলমের মাধ্যমে ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট বিক্রির কার্যক্রম চলে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি আবুল বাসারের সহধর্মিণী গুলনাহারের বিরুদ্ধেও কথিত ডেভেলপার ব্যবসায় সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
আনোয়ার খান আনু (উপসহকারী প্রকৌশলী): দীর্ঘদিন ধরে সাভার গণপূর্ত বিভাগে কর্মরত এই প্রকৌশলীর বিরুদ্ধে ঢাকা-আশুলিয়া ও আব্দুল্লাহপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে এলাকার ভ্যালুয়েশন কার্যক্রমে অনিয়মের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এ ছাড়া সাভার গণপূর্তের পর্যটন এলাকার আশপাশের জমিতে দোকান ভাড়া বা পজিশন বিক্রিতে কমিশন বাণিজ্যের অভিযোগও উঠেছে।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী, সরকারের পূর্বানুমতি ছাড়া সরকারি কর্মচারীদের লাভজনক ব্যবসা বা বাণিজ্যে সরাসরি জড়িত হওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। গণপূর্তের প্রকৌশলীরা সরকারি নির্মাণকাজের প্রাক্কলন, তদারকি ও বাস্তবায়নের মতো সংবেদনশীল দায়িত্বে থাকেন। ফলে একই সময়ে ব্যক্তিগতভাবে নির্মাণ বা ডেভেলপার ব্যবসায় যুক্ত থাকলে গুরুতর স্বার্থের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
অভিযোগপত্রে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পাশাপাশি তাঁদের ব্যাংক লেনদেন, আয়-ব্যয়ের হিসাব, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সম্পর্ক নিরপেক্ষভাবে যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, দাপ্তরিক নথি, ভিডিও, যোগাযোগের তথ্য ও আর্থিক প্রবাহ খতিয়ে দেখেই প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন।