২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৮:৩৫

শিরোনাম
লকডাউন ঘিরে উত্তাল গোপালগঞ্জ: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল খাটের নিচে টাকার কার্টন থেকে কোটি টাকার সম্পদ: কাস্টমস ভাই-বোনের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও ভুয়া খামারের অভিযোগ গোপালগঞ্জে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার যোগদান করে মোঃ হেলালউদ্দিন ভুইয়া রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার

খাটের নিচে টাকার কার্টন থেকে কোটি টাকার সম্পদ: কাস্টমস ভাই-বোনের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও ভুয়া খামারের অভিযোগ

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

২০১৫ সালের দিকে এক কিশোরী গৃহকর্মী ঘর পরিষ্কার করতে গিয়ে খাটের নিচে রাখা একটি কার্টন ফেলে দেন। ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডার কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তার স্বামী জেলা নির্বাচন কর্মকর্তা আসলাম রহমান। গৃহকর্মীর বর্ণনায়, বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো।

এই ঘটনার সূত্র ধরে কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তার সম্পদের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়ে। তবে অভিযোগ রয়েছে, তদন্ত শেষ না করেই তা ধামাচাপা দেওয়া হয়।

এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১১ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে কমিশনার হিসেবে কর্মরত। তার বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি এবং বর্তমানে আগারগাঁও এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত।

অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন ও তাদের স্বজনদের নামে পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে জমি, প্লট ও ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে উঠেছে। অথচ ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া অন্য কোনো জমি ছিল না।

প্রাপ্ত তথ্য ও নথি অনুযায়ী বিভিন্ন সম্পদের বিবরণ নিচে তুলে ধরা হলো:

লিপি ও তার ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয় (দলিল নম্বর ৭৫৬৫/২০১৫)। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা, কিন্তু দলিলে মূল্য দেখানো হয় ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।

একই বছর এনামুল ও স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয় (দলিল নম্বর ১০৮২৮/২০১৫)। অভিযোগ অনুযায়ী, জমিটির ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা, কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।কেরানীগঞ্জের ঝিলমিলে লিপি আরেকটি প্লট কেনেন (দলিল নম্বর ১২৩০৯/২০২২)। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা, অথচ দলিলে দেখানো হয়েছে ২১ লাখ টাকা।

২০১৪ সালে এনামুলের মা খাদিজা বেগমের নামে বরগুনায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয় (দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪)। নথি অনুযায়ী, দলিল দুটিতে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে; বর্তমানে এর মূল্য প্রায় ৫ কোটি টাকা। এছাড়া বরগুনা শহরে এনামুল ২৬ শতাংশ জমি নিয়েছেন, যার দলিল মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা হলেও বর্তমান দাম প্রায় ৫ কোটি টাকা।

সম্পদের উৎস আড়াল করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে বিপুল আয়ের দাবি সামনে আনা হয়। এনামুলের দাবি ছিল, তার বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে।

২০২৪ সালের ৬ মে দুদক মাদারীপুর থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নথির পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয় এবং ১৪ একর জমিতে খামার থাকার কথা বলা হয়। তবে সরেজমিন অনুসন্ধানে খামারটির অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ওই জমিতে কিছু ফলের গাছ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য কর্মকর্তা মো. মহসীন কথা বলতে রাজি হননি।

লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তার দাবি, স্ত্রীর করা মিথ্যা যৌতুকের মামলায় তিনি সাড়ে ১৪ মাস জেলে ছিলেন এবং মামলাটি এখনো বিচারাধীন। আসলাম রহমানের আরও দাবি, তিনি কখনো ঘুষ নেননি; স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর সংসারে অশান্তি শুরু হয় এবং বড় ভাই এনামুল হকের ইশারায় তার বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন এবং দুই সন্তানের মুখও দেখতে পারছেন না বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কমিশনার এনামুল হক বলেন, “আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।” তবে আয়ের উৎস জায়েজ করতে নিজের পিতাকে ভুয়া মৎস্যচাষি সাজিয়েছেন—এমন অভিযোগের প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে বারবার চেষ্টা করেও জিলাইকা তামান্না লিপির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বেতন বা পৈত্রিক সম্পত্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অর্থ ও সম্পদ কেবল আয়কর নথিতে উল্লেখ করলেই তা বৈধ আয় হিসেবে গণ্য হয় ?

বেতন বা পৈত্রিক সম্পত্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ অর্থ ও সম্পদ কেবল আয়কর নথিতে উল্লেখ করলেই তা বৈধ আয় হিসেবে গণ্য হয় কি না—এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিতর্কের প্রেক্ষাপটে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তাঁদের সব সম্পদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর নথিতে লিপিবদ্ধ রয়েছে। এ অবস্থায় আয়কর নথিতে সম্পদ প্রদর্শন ও আয়ের বৈধতার বিষয়টি নিয়ে এনবিআর চেয়ারম্যানের স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছেন বিশ্লেষক ও সচেতন মহল। ( চলবে  )

  • শেয়ার করুন