প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬
প্রকাশিত:
বিশেষ প্রতিবেদক: কাস্টমস হাউজ ও বিমানবন্দরের আমদানি (ইমপোর্ট) শাখাসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে সরকারি নিয়োগবিধির তোয়াক্কা না করে জেঁকে বসেছে এক শক্তিশালী ‘বহিরাগত সিন্ডিকেট’। এক শ্রেণির অসাধু কর্মকর্তার প্রত্যক্ষ মদদে এবং সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট কার্ডের আড়ালে এই বহিরাগতরা দপ্তরের গোপনীয় নথিপত্র নাড়াচাড়া, কম্পিউটার অপারেটিং এবং ঘুষ লেনদেনের মূল মাধ্যম হিসেবে কাজ করছে। এর ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে এবং বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা চরম হয়রানি ও লাগেজ কাটার শিকার হচ্ছেন।
অনুসন্ধানে ও দপ্তরের নির্ভরযোগ্য সূত্রে কাস্টমস হাউজ ও আমদানি শাখার বিভিন্ন স্তরে নিয়োজিত বহিরাগতদের একটি সুনির্দিষ্ট চিত্র পাওয়া গেছে।
দপ্তর ও কর্মকর্তাদের সাথে নিয়োজিত বহিরাগতদের চিত্র: কাস্টমস হাউজের অত্যন্ত সংবেদনশীল পদগুলোতে কর্মকর্তাদের ছায়াসঙ্গী হিসেবে কাজ করছে এই বহিরাগতরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী—
এসপি–পিবিএন (SP-PBN) টিম: ৫ জন , ইমপোর্ট রুম: ২ জন, ডিসি (DC)-এর সাথে: ১ জন , এসি (AC)-এর সাথে: ২ জন , এসপি–সুপারের (SP-Super) সাথে: ২ জন , হল রুম: এখানে দায়িত্বরত প্রায় প্রতিটি কর্মকর্তার সাথেই ২ জন করে বহিরাগত নিয়োজিত রয়েছে।
বিভিন্ন গ্রুপ ও শাখাভিত্তিক অবস্থান: আমদানি শাখার বিভিন্ন অ্যাসেসমেন্ট গ্রুপ এবং কুরিয়ার শাখাতেও এদের একচ্ছত্র আধিপত্য লক্ষ্য করা গেছে। এর মধ্যে—
১ নম্বর গ্রুপ: ২ জন (উত্তম ও রিনা) ,৩ নম্বর গ্রুপ: ২ জন , ৪ নম্বর গ্রুপ: ১ জন (মামুন) ৫, ৬ ও ৭ নম্বর গ্রুপ: প্রতিটি গ্রুপে ৩ জন করে মোট ৯ জন , ৮ নম্বর গ্রুপ: ২ জন , কুরিয়ার শাখা: ৪ জন ।
এস–টি (S-T) শাখায় ঘুষ লেনদেন ও নথির নিরাপত্তা ঝুঁকি: অভিযোগ রয়েছে, এস–টি (S-T) শাখায় ৬ জন বহিরাগত সরাসরি দাপ্তরিক কম্পিউটার পরিচালনার কাজ করছে। মূলত এই ৬ জনের মাধ্যমেই সংশ্লিষ্ট সুপাররা নিয়মিত ঘুষের লেনদেন পরিচালনা করে থাকেন। বহিরাগতদের হাতে সরকারি কম্পিউটার ও সার্ভারের এক্সেস থাকায় আমদানি–রপ্তানির স্পর্শকাতর তথ্য পাচার ও শুল্ক ফাঁকির সুযোগ তৈরি হচ্ছে।
বদলিহীন স্থায়ী সিন্ডিকেট ও সিঅ্যান্ডএফ কার্ডের অপব্যবহার: কাস্টমসের সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের মতে, এই বহিরাগতরা একটি স্থায়ী সিন্ডিকেটে পরিণত হয়েছে। সরকারি নিয়মে নির্দিষ্ট সময় পরপর দায়িত্বরত কর্মকর্তাদের বদলি হলেও এই বহিরাগতদের কখনো বদলি করা হয় না বা দপ্তর থেকে সরানো যায় না। নিজেদের অবস্থান বৈধ করতে এবং নির্বিঘ্নে যাতায়াতের জন্য অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এদের নামে ভুয়া বা অনৈতিকভাবে সিঅ্যান্ডএফ (C&F) কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। সেই কার্ড গলায় ঝুলিয়ে তারা নিয়মিত সরকারি দপ্তরে ডিউটি করছে।
বিমানবন্দরে প্রবাসী হয়রানি ও লাগেজ চুরি: শুধু রাজস্ব ফাঁকিই নয়, এই বহিরাগত চক্রটি বিমানবন্দরে বিদেশফেরত প্রবাসীদের নানাভাবে হেনস্তা ও অবৈধ অর্থ আদায়ে লিপ্ত। এছাড়া বিমানবন্দরে বহুল আলোচিত ‘লাগেজ কাটা’ ও মালামাল চুরির ঘটনার সাথেও এই সিন্ডিকেটের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ উঠেছে।বিষয়টি নিয়ে কমিশনার মুঃ রইচ উদ্দিন খান এর মতামতের জন্য ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেন নাই।
সৎ কর্মকর্তাদের দাবি: কাস্টমস হাউজের শৃঙ্খলা ফিরিয়ে আনা, সরকারের রাজস্ব রক্ষা এবং বিমানবন্দরে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই অবৈধ বহিরাগতদের তালিকা ধরে দ্রুত উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন দপ্তরের সৎ ও সাহসী কর্মকর্তারা। একইসাথে এদের অবিলম্বে গ্রেপ্তার করে বিমানবন্দর ও কাস্টমস এলাকা থেকে স্থায়ীভাবে উচ্ছেদ করার জোর দাবি জানানো হয়েছে।