প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬
বিশেষ প্রতিনিধি :
চট্টগ্রাম সার্কেলের বন কর্মকর্তা মোঃ হাবিবুল হকের বিরুদ্ধে একের পর এক গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দীর্ঘ ২১ বছর ধরে একই সার্কেলে গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকা, গাছ কর্তন, সরকারি প্রকল্পে অনিয়ম, জব্দকৃত সম্পদ বিক্রি এবং অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগে তিনি বন বিভাগের ভেতরে-বাইরে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। একটি লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, চট্টগ্রাম সার্কেল কনজারভেটর বিপুল কৃষ্ণ দাশের প্রভাব ও পৃষ্ঠপোষকতার কারণেই তার এই দীর্ঘমেয়াদি অবস্থান সম্ভব হয়েছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নথি এখনো প্রকাশ্যে আসেনি, তবে স্থানীয় বনকর্মী ও কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, তার কর্মকাণ্ড দীর্ঘদিন ধরেই ছিল বিতর্কিত।
২০০৪ সালের সরকারি কর্মকর্তা-কর্মচারী বদলি নীতিমালা অনুযায়ী, সাধারণত ৩ থেকে ৫ বছরের মধ্যে বদলির নিয়ম থাকলেও হাবিবুল হক তা এড়িয়ে চট্টগ্রাম সার্কেলের পাঁচটি গুরুত্বপূর্ণ বিভাগে—কক্সবাজার উত্তর, বান্দরবান, উপকূলীয়, চট্টগ্রাম দক্ষিণ এবং কক্সবাজার দক্ষিণ—দীর্ঘ ২১ বছর ধরে দায়িত্ব পালন করছেন। বন বিভাগের এক সিনিয়র কর্মকর্তার মতে, এই দীর্ঘমেয়াদি পদায়ন বিভাগের স্বাভাবিক শৃঙ্খলা ও নিয়মকে প্রশ্নবিদ্ধ করেছে। এর ফলে নতুন কর্মকর্তাদের পদায়ন ও প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি হওয়ার পাশাপাশি সহকর্মীদের মধ্যে ক্ষোভ ও মনোবল হ্রাসের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
হাবিবুল হকের বিরুদ্ধে বড় অভিযোগগুলোর একটি হলো বারোবাকিয়া রেঞ্জের টইটং বিটে প্রায় ৩০ হাজার আকাশমনি গাছ কাটার ঘটনা। অভিযোগ রয়েছে, ওই সময় তিনি বন বিভাগীয় দায়িত্বে ছিলেন। তৎকালীন ডিভিশনাল অফিসার এম. এ. হাসান ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানালেও তদন্তের ফলাফল বা কোনো শাস্তিমূলক ব্যবস্থার নথি সর্বজনীনভাবে প্রকাশ করা হয়নি। এতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সুফল’ প্রকল্পের আওতায় সরকারি অর্থের অনিয়ম এবং বাগানের উৎপাদনশীলতা কমে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তদারকির ঘাটতি ও ব্যক্তিগত স্বার্থে প্রকল্প পরিচালনার ফলে সরকারি বাগানগুলোর ব্যবস্থাপনা ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা থাকাকালে জব্দকৃত পাহাড়ের বালু গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। ২০২০ সালে পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সংগ্রামের জুম এলাকায় শাকের উল্লাহ ও আবদুল জলিলের নেতৃত্বে একটি সিন্ডিকেট পাহাড় কেটে প্রায় ১০ লাখ ঘনফুট বালু মজুত করে। উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বালুগুলো জব্দ করে বন বিভাগের হাতে হস্তান্তর করে। অভিযোগ রয়েছে, আগের বছর সাংবাদিকদের কারণে বিক্রি করতে না পারলেও এবার গোপনে সেই বালু সিন্ডিকেটের কাছে লাখ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা জাকের হোসেন এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হকের হাতে টাকা ধরিয়ে দিলেই মিলছে পাহাড় কাটার অনুমতি। এতে গত ছয় মাসে বারবাকিয়া, শিলখালী ও টইটং এলাকার প্রায় ৮-১০টি পাহাড়-টিলা বিলীন হওয়ার পথে।
খোঁজ নিয়ে জানা যায়, টইটং ইউনিয়নের ডেনারছড়া, রমিজপাড়া ও বটতলী জুমপাড়ায় চারটি পাহাড় কেটে মাটি বিক্রি করে দিয়েছে স্থানীয় মো. সোহেল, আবু ছালেক, আকতার, গিয়াস উদ্দিন ও ফারুকের নেতৃত্বে একটি চক্র। এজন্য রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হককে মোটা অঙ্কের অর্থ দিয়েছে পাহাড়খেকো চক্রটি।
এ ব্যাপারে টইটং ইউনিয়নের বাসিন্দা মোশারফ আকতার বলেন, ডেনারছড়া, রমিজপাড়া ও বটতলী জুমপাড়া পাহাড়গুলো কাটার জন্য রেঞ্জ কর্মকর্তাকে নিয়মিত টাকা দিয়ে আসছে আবদু শুক্কুর ও কাজল সওদাগরের নেতৃত্বে মাটি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট। রেঞ্জার এসব অবৈধ লেনদেন করে থাকেন টইটং বিট কর্মকর্তা জমির উদ্দিনের মাধ্যমে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্প ও বন সম্পদ ব্যবস্থাপনার সুযোগ নিয়ে হাবিবুল হকের সম্পদে অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে। তবে এই সম্পদের উৎস ও বৈধতা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। একটি সূত্র জানিয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক)-সহ দুটি গোয়েন্দা সংস্থা অভিযোগের তদন্ত করছে।
অভিযোগের বিষয়ে হাবিবুল হক বলেন, আমার ব্যাপারে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। তবে বন বিভাগের একাধিক কর্মকর্তা বলছেন, চট্টগ্রাম সার্কেল কনজারভেটর বিপুল কৃষ্ণ দাশ অবৈধ প্রভাব খাটিয়ে হাবিবুল হকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। অভিযোগ রয়েছে, সিএফ আর এস এম মনিরুল ইসলাম ও সিসিএফের (CCF) সঙ্গে তাঁর মাসোহারার সম্পর্ক থাকায় হাবিবুল হকের কোন তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি। এ ঘটনায় বিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যার ফলে হাবিবুল হককে চট্টগ্রাম থেকে এনে গাজীপুরের- শ্রীপুরে বদলী করেছে বলে জানা যায় । সংশ্লিষ্টদের মতে, বিষয়টি কেবল এক ব্যক্তির আচরণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রশাসনিক তদারকি, বদলি নীতিমালার প্রয়োগ এবং রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক দুর্বলতার দিকটিও এতে স্পষ্ট হয়ে উঠেছে। ( চলবে )