প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬
বিমানবন্দর প্রতিনিধি
দেশের বিমানবন্দরগুলোতে পাখি ও বন্যপ্রাণীর কারণে সৃষ্ট উড়োজাহাজের নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এর অংশ হিসেবে বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক ‘অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট’ স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক ক্রয় এবং শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
নিরাপদ উড্ডয়ন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা সভায় বাংলাদেশের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই খাতের অগ্রগতির জন্য উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্যে সাম্প্রতিক সময়ে সংঘটিত ‘বার্ড হিট’-এর তথ্যগুলো যাচাই-বাছাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
সমন্বিত উদ্যোগ ও নিয়মিত তদারকি উদ্ভূত সমস্যা সমাধানে আধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের পাশাপাশি পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন মন্ত্রী। এ ছাড়া বিমানবন্দর এলাকায় ‘সেফ ফ্লাই জোন’ (নিরাপদ উড্ডয়ন এলাকা) নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কার্যক্রমের গতিশীলতা ও সমন্বয় জোরদার করতে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনেরও নির্দেশ দেন মন্ত্রী।
সভায় উপস্থিতি সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ জাতীয় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।