১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:৫৬

শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপিপন্থী প্রবাসীদের আলোচনা সভা সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী পলাতক হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে: তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও তাঁর সিন্ডিকেটের দুর্নীতির চাঞ্চল্যকর চিত্র: বদলি বাণিজ্য থেকে সুফল প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট জাতীয় বিপ্লবের চেতনা ও আজকের সংকট

কারাগারে থেকেও মামলার আসামি! পুলিশের বিরুদ্ধে আদালতের স্বপ্রণোদিত মামলা

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

ঘটনার সময় তিনি ছিলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি। অথচ পুলিশ তাকে ঘটনাস্থলে উপস্থিত দেখিয়ে সন্ত্রাস দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি করে! এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত (স্যুয়োমোটো) মামলা করেছেন আদালত।

আলোচিত এই ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলায়। ভুক্তভোগী হাফিজুর রহমান (৪০) উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। চন্দনকোঠা বটতলা বাজারে তার চুল কেনাবেচার একটি দোকান রয়েছে।

অভিযোগে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর স্থানীয় যুবদলকর্মী ইমরান আলী হাফিজুরের দোকানে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ইমরান দলবল নিয়ে তার দোকান ভাঙচুর ও তাকে মারধর করেন। এ ঘটনায় হাফিজুর ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করেনি।

এরপর গত ২৩ সেপ্টেম্বর গভীর রাতে তানোর থানা পুলিশ বাড়ি থেকে হাফিজুরকে আটক করে। পরে ২৬ জুনের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলায় এজাহারভুক্ত আসামি না থাকায় দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১৫ অক্টোবর আদালত থেকে জামিন পান তিনি।

পুলিশের করা সন্ত্রাস দমন আইনের মামলার নথিপত্র বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ অক্টোবর রাত ৮টা ১০ মিনিটে তানোরের পাগলা দেওয়ান সড়কে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন ১৬ অক্টোবর তানোর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ওই মামলায় হাফিজুরকে ৯ নম্বর আসামি করা হয় এবং তাকে ঘটনাস্থলে উপস্থিত দেখানো হয়।

অথচ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার ববি নিশ্চিত করেছেন, ১৫ অক্টোবর রাত সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে শেষ ব্যাচে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সঙ্গে কারাগার থেকে বের হন হাফিজুর। কারা কর্তৃপক্ষের সিসিটিভি ফুটেজেও এই সময়ের সত্যতা মিলেছে। অর্থাৎ, যখন তানোরের রাস্তায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে (রাত ৮:১০ মিনিট), তখন হাফিজুর কারাগারের ভেতরেই অবস্থান করছিলেন।

এ বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে। গত ১ নভেম্বর রাজশাহীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬ এর বিচারক সোহানুর রহমান সোহাগ তানোর থানার মামলার বাদী ও ওসির বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে একটি মিস কেস (নম্বর: ১/২০২৬) দায়ের করেন।

আদালতের আদেশে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও হাফিজুরকে ক্ষতিগ্রস্ত করার মানসে মিথ্যা মামলায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন। এটি দণ্ডবিধির ১৬৬, ১৬৭ ও ২১১ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বরের মধ্যে সিআইডির রাজশাহী অঞ্চলের পুলিশ সুপারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। ইতোমধ্যে আদেশের কপি আইজিপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। সিআইডির রাজশাহী অঞ্চলের পুলিশ সুপার রায়হানুল ইসলাম নথিপত্র হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, যে মিথ্যা মামলায় হাফিজুরকে আসামি করা হয়েছিল, সেই মামলা থেকেও গত ১ নভেম্বর জামিন লাভ করেছেন তিনি। তবে মামলার বাদী এসআই জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলাটি করেছেন। আদালতের স্যুয়োমোটো মামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেছেন।

 

  • শেয়ার করুন