প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি বের করেছে বিএনপি। বেলা সোয়া ৩টায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা, নানা রঙের ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড। নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন ও এর আশপাশের এলাকা।
র্যালি শুরুর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
পূর্বঘোষিত রুট অনুযায়ী নয়াপল্টন থেকে শুরু হওয়া এই র্যালিটি প্রধান বিচারপতির বাসভবন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
র্যালিটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ রাখতে বিশেষ প্রস্তুতি নিয়েছে দলটি। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, শুধু রাজধানী ঢাকাতেই নয়, শনিবার দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও র্যালি করছে বিএনপি। এছাড়া ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়েও এসব কর্মসূচি পালিত হবে।