প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬
জেলা প্রতিনিধি ঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে যুবক মিলনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরামের সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ এবং সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড, যা দীর্ঘদিন ধরে অত্র অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি ছড়ানোর লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) অঞ্চলে প্রতিপক্ষের ওপর ধারাবাহিক হামলা, কুপিয়ে জখম এবং হত্যার মতো জঘন্য কর্মকাণ্ড প্রমাণ করে—একটি স্বার্থান্বেষী মহল এ এলাকাকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
তারা আরও বলেন, আইনের শাসনকে উপেক্ষা করে এ ধরনের নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রাষ্ট্রযন্ত্রের নিরবতা বা শিথিলতা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, জনমনে ক্ষোভ ও অস্থিরতা আরও বৃদ্ধি পাবে।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের জানমাল রক্ষায় প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে জনগণ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। তারা অবিলম্বে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, নিরাপত্তা জোরদার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
শেষে তারা নিহত মিলনের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।