প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৬
প্রকাশিত:
বিশেষ প্রতিবেদক :গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) শেরেবাংলা নগর বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। ২৭তম বিসিএস (গণপূর্ত) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৮ সালে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। অভিযোগ রয়েছে, কর্মজীবনের প্রায় প্রতিটি কর্মস্থলেই অনিয়মের অভিযোগ উঠলেও দৃষ্টান্তমূলক শাস্তির বদলে তাঁকে কেবল এক দপ্তর থেকে আরেক দপ্তরে বদলি করা হয়েছে; বর্তমানে তিনি ঢাকার গুরুত্বপূর্ণ এই পদে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন।
হবিগঞ্জে ২৫০ শয্যার ছয়তলা হাসপাতাল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। সে সময় অভিযোগ অস্বীকার করলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অনিয়মের সত্যতা মেলে। তৎকালীন জেলা উপপরিচালক অজয় কুমার সাহা তদন্ত শেষে আন্দালিবসহ কয়েকজন কর্মকর্তা ও ঠিকাদারকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন ।
২০২২-২৩ অর্থবছরে নোয়াখালী জেলায় ৪৮টি স্থাপনার ৬৮টি মেরামত ও সংরক্ষণকাজের জন্য ৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ ছিল (মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত)। অভিযোগ অনুযায়ী, মেয়াদের আগেই ভুয়া বিল ও ভাউচারে পুরো অর্থ উত্তোলন করা হলেও মাঠপর্যায়ে অধিকাংশ কাজ অসমাপ্ত ছিল। একই সময় প্রায় ৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎকালীন প্রধান প্রকৌশলী শামীম আখতার ২০২৩ সালের ২১ মার্চ তাঁকে নোয়াখালী থেকে ফেনীতে বদলির আদেশ দেন। এরপর ৪ এপ্রিল তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত একটি ডিও লেটার ৮ এপ্রিল মন্ত্রণালয়ে জমা পড়ে এবং সেদিনই বদলি স্থগিত হয়। তবে ১৫ এপ্রিল ডিও লেটারটি সম্পূর্ণ ভুয়া বলে প্রমাণিত হয়।
২৩ এপ্রিল তাঁকে লালমনিরহাটে বদলি করা হয়। গঠিত তদন্ত কমিটি আর আলোর মুখ দেখেনি বলে অভিযোগ রয়েছে।
লালমনিরহাটে মাত্র চার মাস থাকার পর ২০ আগস্ট তাঁকে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগে বদলি করা হয়। সেখানে তাঁর শাস্তি ও চাকরিচ্যুতির দাবিতে স্থানীয় ঠিকাদার ও সাধারণ মানুষ মানববন্ধন ও প্রতিবাদ করেন। ২০২৫ সালের ১১ আগস্ট প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে তৎকালীন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সামনে মুসল্লিরা নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন। আন্দালিব তখন উপস্থিত ছিলেন; উপদেষ্টা সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা ও ত্রুটি সংশোধনের নির্দেশ দেন।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও সাদ মোহাম্মদ আন্দালিব ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো অভিযোগের বিবরণেও কোনো সাড়া দেননি। অন্যদিকে দুদক সূত্রে জানা গেছে, চলমান অনুসন্ধানে নতুন কোনো অনিয়মের তথ্য সামনে এলে তা মূল অনুসন্ধানের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ( চলবে )