২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:১৬

কাঠবাহী ট্রাক আটকে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ: ১০ দিনে সন্দেহজনক অ্যাকাউন্টে ২৬ লাখ টাকার লেনদেন

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের এক কর্মকর্তা ও দুই বনরক্ষীর বিরুদ্ধে কাঠবাহী ট্রাক আটকে তল্লাশির নামে চার লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান এবং দুই গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলমের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৭২৮/২৬) করেছেন এক কাঠ ব্যবসায়ী।

অভিযোগের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ব্যবসায়ীর দাবি অনুযায়ী কথিত ঘুষের চার লাখ টাকা কোনো সরকারি হিসাবে না নিয়ে আমেনা ফেরদৌস নামে এক নারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা নেওয়া হয়েছে। গণমাধ্যমের হাতে আসা ওই হিসাবের বিবরণী অনুযায়ী, মাত্র ১০ দিনে অ্যাকাউন্টটিতে ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে—যা নিয়ে লেনদেনের উৎস ও সংশ্লিষ্টতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

জিডির বিবরণ ও অভিযোগ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকার কাঠ ব্যবসায়ী মো. সিরাজ দৌলা গত রোববার জোরারগঞ্জ থানায় এই জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম।

জিডিতে সিরাজ দৌলা জানান, গত ৫ অক্টোবর সকালে চট্টগ্রাম থেকে কাঠবোঝাই ট্রাক নিয়ে কুমিল্লা হয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী চেক স্টেশনের কাছে পৌঁছালে ট্রাকটি থামানো হয় এবং তল্লাশির অজুহাতে টাকা দাবি করা হয়। একপর্যায়ে চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের সঙ্গে চার লাখ টাকায় বিষয়টি নিষ্পত্তি হয় বলে অভিযোগ করেন তিনি।

সিরাজ দৌলার দাবি, সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখায় আমেনা ফেরদৌসের হিসাবে চার লাখ টাকা পাঠানোর পরই ট্রাকটি ছাড়া হয়। তিনি আরও অভিযোগ করেন, আমেনা ফেরদৌসকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না, অথচ তাঁর কাছ থেকে আমেনা বেগমের নামে তিনটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে।

১০ দিনে ২৬ লাখ ৩০ হাজার টাকার লেনদেন

কথিত ঘুষের অর্থ গ্রহণের অভিযোগ ওঠা আমেনা ফেরদৌসের ব্যাংক হিসাবের বিবরণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখার স্টেটমেন্ট অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত মাত্র ১০ দিনে ওই হিসাবে মোট ২৬ লাখ ৩০ হাজার টাকা লেনদেন হয়েছে।

এর মধ্যে ৫ অক্টোবর সাউথইস্ট ব্যাংকের বারইয়ারহাট শাখা থেকে আরটিজিএসের মাধ্যমে আসা চার লাখ টাকার পাশাপাশি একই সময়ে ওই হিসাবে আরও ১৫ লাখ টাকা জমা হওয়ার তথ্য রয়েছে। এসব অর্থের উৎস, উদ্দেশ্য এবং সুয়াগাজী চেক স্টেশনের কথিত চাঁদাবাজির সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না—তা তদন্তের দাবি উঠেছে।

এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে আমেনা বেগম নিজেকে গৃহিণী পরিচয় দিলেও পরবর্তীতে আর কোনো মন্তব্য না করে সংযোগ বিচ্ছিন্ন করেন। ন্যাশনাল ব্যাংকের ঢাকা মালিবাগ শাখার ব্যবস্থাপক রাকিব উদ্দিনও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

দীর্ঘদিনের ক্ষোভ ও অভিযোগ

ভুক্তভোগী ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, সুয়াগাজী চেক স্টেশন ঘিরে কাঠ ব্যবসায়ীদের অসন্তোষ নতুন নয়। অভিযোগ রয়েছে, বৈধ কাগজপত্র থাকার পরও মহাসড়কে কাঠবাহী ট্রাক আটকে মামলা ও মালামাল জব্দের ভয় দেখিয়ে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। দীর্ঘ আইনি জটিলতা ও আর্থিক ক্ষতির ভয়ে অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে গাড়ি ছাড়িয়ে নেন।

এ ছাড়া অভিযুক্ত কর্মকর্তা নাজমুল হাসান এবং দুই গার্ড আবুল কালাম বাবুল ও শাহ আলম মহাসড়কে কাঠবাহী গাড়ি শনাক্ত ও আটকাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন বলেও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা ও ক্ষোভ রয়েছে।

অভিযুক্তদের প্রতিক্রিয়া ও তদন্তের দাবি

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বন কর্মকর্তা মো. নাজমুল হাসান দাবি করেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না; এ সময় তিনি তাঁর স্ত্রীর অসুস্থতার কথাও জানান। অন্যদিকে হিসাবধারী আমেনা বেগম ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বক্তব্য না পাওয়ায় ধোঁয়াশা আরও বেড়েছে।

ট্রাক আটকে অর্থ আদায়, ব্যক্তিগত হিসাবে অর্থ স্থানান্তর, ১০ দিনে বিপুল লেনদেন এবং একাধিক ব্যবসায়ীর ভোগান্তির অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

  • শেয়ার করুন