প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬
প্রকাশিত:
বিশেষ প্রতিবেদন :
রাজনৈতিক পটপরিবর্তন ও প্রশাসনিক রদবদলের হাওয়া দেশের প্রায় সব দপ্তরে লাগলেও বন অধিদপ্তরে যেন এর কোনো ছোঁয়া লাগেনি। ২০২০ সালের ২৫ মার্চ দায়িত্ব নেওয়া প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. আমীর হোসাইন চৌধুরী বিভিন্ন ঝড়-ঝাপটা ও ক্ষমতার পালাবদল পেরিয়ে এখনো বহাল তবিয়তে রয়েছেন। আদালত, দুদক ও মন্ত্রণালয়কে ম্যানেজ করার ‘ঐশ্বরিক ক্ষমতার’ অধিকারী হিসেবে পরিচিত এই শীর্ষ কর্মকর্তাকে ঘিরে বন বিভাগে গড়ে উঠেছে এক অপ্রতিদ্বন্দ্বী সিন্ডিকেট।
১০ কুতুবের সিন্ডিকেট এবং পোস্টিং বাণিজ্য
অনুসন্ধানে জানা গেছে, আমীর হোসাইন চৌধুরী পুরো বন অধিদপ্তর নিয়ন্ত্রণ করছেন ১০ সদস্যের একটি বিশেষ সিন্ডিকেটের মাধ্যমে, যারা ‘১০ কুতুব’ হিসেবে পরিচিত। এই সিন্ডিকেটের প্রধান মুখগুলো হলো—
আমিরুল হাসান,মঞ্জুরুল আহাদ জুলফিকার, নওশাদ, আবু সুফিয়ান, বাশার, নুরুল আলম হাফিজ, নাজমুল–১ ও নাজমুল–২ বন সংরক্ষক মঈনুদ্দিন খান, আর সদস্য সচিব সহকারী প্রধান বন সংরক্ষক তৌফিকুল ইসলাম।
সাবেক বনমন্ত্রী সাহাব উদ্দিনের আমলে এই সিন্ডিকেট পোস্টিং ও বদলি বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা। মন্ত্রীর ছেলে জাকির হোসেন জুমন (যাকে অনেকে ‘জুম্মন কসাই’ নামে চেনেন) ঢাকায় বাবার বাসায় থেকে মন্ত্রণালয় ও বন বিভাগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন। এমনকি ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সময়েও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ম্যানেজ করার কথা বলে এই সিন্ডিকেট তাদের অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে অভিযোগ রয়েছে।
টিআইবি ও দুদকের নজরে দুর্নীতি ও ঘুষের রেটচার্ট
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদনেও বন অধিদপ্তরে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে লাখ থেকে কোটি টাকার ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে। টিআইবির তথ্য অনুযায়ী:
প্রধান বন সংরক্ষক পদ: ১ থেকে ৩ কোটি টাকা।বিভাগীয় বন কর্মকর্তা (DFO): পোস্টিংয়ে ৫০ লাখ এবং পদোন্নতিতে ১ কোটি টাকা পর্যন্ত। প্রকল্প পরিচালক: ১ থেকে ১.৫ কোটি টাকা।রেঞ্জ কর্মকর্তা ও ফরেস্টার: ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত।
দুদকের অনুসন্ধানেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে রেঞ্জ, স্টেশন ও বিভাগীয় বন কর্মকর্তা পদে পোস্টিংয়ের সুনির্দিষ্ট রেটচার্ট এবং ‘মাসিক মাসোহারা’ আদায়ের প্রমাণ মিলেছে। দুদক কর্মকর্তা মো. ইসমাইলের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব অনিয়মের সত্যতা পাওয়া গেলেও দীর্ঘসূত্রিতায় তদন্ত প্রক্রিয়া অনেকটাই থমকে আছে।
‘সুফল’ প্রকল্পে দেড় হাজার কোটি টাকার লুটপাট
বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৮ সালে শুরু হওয়া ১ হাজার ৫০২ কোটি টাকার ‘টেকসই বন ও জীবিকা (সুফল)’ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা রেঞ্জে ২০২২-২৩ এবং ২০২৩-২০২৪ অর্থবছরে শত শত হেক্টর জমিতে বাগান সৃজনের লক্ষ্যমাত্রা থাকলেও বাস্তবে তার লেশমাত্র ছিল না। অনেক জায়গায় শুধু সরকারি সাইনবোর্ড টাঙিয়ে কিংবা নামমাত্র চারা রোপণ করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সম্পূর্ণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই প্রকল্পে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও প্রকল্প পরিচালক গোবিন্দ রায়ের নাম জোরালোভাবে উঠে এসেছে।
পদোন্নতি বাণিজ্য ও ফরেস্ট গার্ডদের বঞ্চনা
আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের নির্দেশনা, জ্যেষ্ঠতা এবং এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) উপেক্ষা করে তড়িঘড়ি করে পছন্দের লোকদের পদোন্নতি দেওয়ার অভিযোগ রয়েছে সিসিএফের বিরুদ্ধে। দুদক ও ফৌজদারি মামলা চলমান থাকা সত্ত্বেও চিন্ময় মধু এবং সুলতানুল আলমের মতো বিতর্কিত কর্মকর্তাদের ডেপুটি রেঞ্জার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজস্ব খাতের মাঠপর্যায়ের কর্মী ফরেস্ট গার্ডরা ২০ থেকে ৩৯ বছর ধরে চাকরি করেও একবারও পদোন্নতি পাননি। শত শত কর্মচারী কোনো পদোন্নতি ছাড়াই অবসরে গেলেও এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই। উল্টো সম্প্রতি ৪৫০ জনকে পদোন্নতির কথা বলে ‘টপ টেন গ্রুপ’ ও সিসিএফের মামাতো ভাই পরিচয়ে অবসরপ্রাপ্ত অফিস সহকারী আশরাফুল আলমের সিন্ডিকেট জনপ্রতি ২ লাখ টাকা করে প্রায় ২৫০ জনের কাছ থেকে ঘুষ তুলেছে বলে অভিযোগ উঠেছে। যারা প্রতিবাদ করেছেন বা আদালতের শরণাপন্ন হয়েছেন, যেমন মোসলেম উদ্দীন ও সাদির হোসেন—তাদের ভোলা থেকে উখিয়া এবং টাঙ্গাইল থেকে সিলেটে শাস্তিমূলক বদলি করা হয়েছে।