প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬
প্রকাশিত:
বিশেষ প্রতিবেদক:
রাজধানীর প্রাণকেন্দ্র ১০ নম্বর পুরানা পল্টন হোল্ডিংয়ের প্রায় ১২ কাঠা আয়তনের অতি মূল্যবান একটি সরকারি বাণিজ্যিক প্লট কোনো ধরনের নিলাম ছাড়াই কমমূল্যে এক ব্যক্তিকে বরাদ্দ দেওয়ার প্রস্তাব পাঠিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। গত ২৭ জুলাই নিজ স্বাক্ষরে এসংক্রান্ত প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠান তিনি। যার নামে এই প্লট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, সেই খাদিজা ইসলাম দীর্ঘ ৪২ বছর ধরে প্লটটি অবৈধভাবে দখলে রেখেছিলেন এবং ভুয়া কাগজপত্রে একের পর এক মামলা করে সরকারকে বেকায়দায় ফেলেছিলেন বলে অভিযোগ রয়েছে। অবশেষে সর্বোচ্চ আদালতের রায়ে হেরে যাওয়ার পর এখন কমমূল্যে প্লটটি হাতিয়ে নিতে জেলা প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ উঠেছে।
আইন অনুযায়ী কোনো ধরনের নিলাম বা উন্মুক্ত প্রক্রিয়া ছাড়া এভাবে ব্যক্তিবিশেষকে বাণিজ্যিক প্লট বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই। অথচ দীর্ঘকাল ধরে সরকারি সম্পত্তি অবৈধ দখল করে রাখা এবং সরকারের বিপুল অর্থ অপব্যয়কারী কাউকে এমন বরাদ্দ দেওয়া চরম অনৈতিক ও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকার ডিসি ফরিদা খানম বরাবরই নিজেকে সৎ ও দুর্নীতিমুক্ত প্রমাণে নানা কসরত চালিয়ে থাকেন। কিছুদিন আগে সাধারণ মানুষের সেবার মান ও অনিয়ম তদারকির অজুহাতে তিনি বোরকা পরে উত্তরখান ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে দেশজুড়ে আলোচনায় আসেন। তবে তাঁর এই ‘সততার মুখোশ’ বেশি দিন টেকেনি। গত ৩ নভেম্বর দুদকের এক ফাঁদ অভিযানে তাঁরই অধীন লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জানা যায়, জমির সীমানা নির্ধারণ ও নামজারির বিনিময়ে ওই সার্ভেয়ার ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, বর্তমান ডিসি ফরিদা খানমের কার্যকালে অধীনস্থ ভূমি অফিসগুলোতে ঘুষ বাণিজ্য ও সেবাপ্রার্থীদের হয়রানি মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। দুদকের এই অভিযান সেই অনিয়মেরই বড় প্রমাণ।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। বায়তুল মোকাররমের উত্তর পার্শ্বে, পল্টন মোড় ও কালভার্ট রোড সংলগ্ন ১০ নম্বর পুরানা পল্টন হোল্ডিংয়ের এই এলাকাটি বাণিজ্যিক ও কর্পোরেট অফিসের কেন্দ্রবিন্দু হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজারমূল্য অনুযায়ী ১২ কাঠা আয়তনের এই প্লটটির বর্তমান মূল্য ২০০ কোটি টাকারও বেশি। কিন্তু ডিসি ফরিদা খানম মাত্র ৮৩ কোটি টাকায় জনৈক খাদিজা ইসলামের নামে এটি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।
অথচ এই খাদিজা ইসলামই ১৯৯৮ সাল থেকে ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘ ৪২ বছর ধরে প্লটটি জবরদখল করে রেখেছিলেন। দীর্ঘ এই সময়ে সরকার এক টাকাও রাজস্ব পায়নি। নিয়ম অনুযায়ী, সরকারের অপ্রয়োজনীয় জমি জনসাধারণের মাঝে লিজ বা বরাদ্দের ক্ষেত্রে উন্মুক্ত নিলাম বাধ্যতামূলক। এছাড়া যিনি জালিয়াতি ও মামলার মাধ্যমে রাষ্ট্রের মূল্যবান সময় ও অর্থ অপব্যয় করেছেন, তাকে জমিটি তো দূরের কথা, বরং ৪২ বছরের ক্ষতিপূরণ আদায়সহ জালিয়াতির দায়ে আইনের আওতায় আনার কথা ছিল। উল্টো তাকেই কমমূল্যে প্লটটি দেওয়ার প্রস্তাব করায় ডিসির ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। এমনকি বাজারমূল্য নির্ধারণের ক্ষেত্রেও ২০২৪ সালের পুরোনো সাব–রেজিস্ট্রি হিসাবকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে, যা নিয়মবহির্ভূত।
নথি অনুযায়ী, মতিঝিল মৌজার সিটি জরিপ ৫৬২ নম্বর প্রজা খতিয়ানের ২৩১ নম্বর দাগের ১২ কাঠা (০.১৯৮০ একর) জমিটি খাসমহালভুক্ত সম্পত্তি ছিল। জালিয়াতির আশ্রয় নিয়ে বিভিন্ন পক্ষ ভুয়া দলিল তৈরি করে জমির মালিকানা দাবি করে আসছিল। একপর্যায়ে দীর্ঘ আইনি লড়াই শেষে ২০১৯ সালের ১৪ মে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সম্পত্তিটিকে সম্পূর্ণ সরকারি সম্পত্তি ঘোষণা করে রায় দেন। পরবর্তীতে ২০২২ সালের ২১ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে দিলে চূড়ান্তভাবে সরকারের মালিকানা ও দখল নিশ্চিত হয়।
পরবর্তীতে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা ও আদালতের রায়ের ভিত্তিতে ২০২৩ সালের ২৬ এপ্রিল খাদিজা ইসলামের নামে থাকা ভুয়া খতিয়ান ও জোত বাতিল করে জমিটি সরকারি ০১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।
আইনি লড়াইয়ের পর একপর্যায়ে জমিটি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) অফিস ভবন নির্মাণের জন্য দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়ার একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপত্র দাখিল না করায় সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে বর্তমান ডিসি ফরিদা খানম খাস সম্পত্তিটি ভূমিদস্যু খাদিজা ইসলামের নামে বরাদ্দ দেওয়ার গোপনীয় প্রক্রিয়া চূড়ান্ত করেন।
অনুসন্ধানে আরও জানা যায়, ইতিপূর্বে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময়ও ব্যাপক দুর্নীতির অভিযোগে সমালোচিত হন ফরিদা খানম। দুদক তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করলে তাকে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা হয়। অভিযোগ রয়েছে, চলমান তদন্তের মাঝেই বিভিন্ন মহলে মোটা অঙ্কের তদবির ও নগদ লেনদেনের মাধ্যমে তিনি ঢাকার ডিসি পদে পদায়ন বাগিয়ে নেন। ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির এসব চাঞ্চল্যকর তথ্য এর আগেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।