প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৬
কুমিল্লা প্রতিনিধি ঃ

কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপির সঙ্গে মতবিনিময়
কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দীর্ঘ ১৭ বছর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একই মঞ্চে অংশ নেওয়ায় বিষয়টিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বক্তারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মিজ রুজি আক্তারের সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
সভায় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, ১৭ বছর পর একসঙ্গে সব দলের প্রতিনিধিদের নিয়ে একটি মিটিং হয়েছে। এটি নিঃসন্দেহে ঐতিহাসিক একটি বিষয়। সংকটে সমাধান আছে। দেশের সার্বভৌমত্বের বিষয়ে আমরা এক থাকব, একসঙ্গে কাজ করব।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়েও সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সিএনজি গ্যাস নিয়ে যে সংকট ছিল, সেটি ইতোমধ্যে সমাধান হয়েছে বলে তিনি জানান।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লা একটি বড় জেলা। শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে। এতে পুলিশ সুপারের ওপর চাপ কমবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।
এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, কুমিল্লা বিভাগ নিয়ে যেন কোনো ধরনের আঞ্চলিক বিদ্বেষ ছড়িয়ে না পড়ে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিরোধীদলীয় উপনেতা ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কুমিল্লা বিভাগ বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের অনেক কষ্ট করছেন। তিনি নিজে স্বাক্ষর সংগ্রহ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
সভায় কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওন বক্তব্য দেন।
এছাড়া কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা সভায় উপস্থিত ছিলেন।