২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:১২

প্রিজনভ্যানে উঠে ‘জয় বাংলা’ স্লোগান ও আইনজীবীদের হুমকি, লক্ষ্মীপুর আদালতে উত্তেজনা

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে আসামিদের আদালত থেকে কারাগারে পাঠানোর সময় এ ঘটনা ঘটে। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিপি শাকিল পাটওয়ারী জানান, এদিন জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে কারাগারে পাঠানোর উদ্দেশ্যে প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী দুই আঙুল উঁচিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী এবং লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক মনিরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে তোলা হলে শুনানি শেষে তাঁদেরও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

হুমকির ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আইনজীবী মহসিন কবির স্বপন।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ব্যাপক হয়রানি করেছে। বর্তমানে জামিনে মুক্তি পেয়ে তারা আবারও বিএনপির নেতাকর্মী ও আইনজীবীদের হুমকি দিচ্ছে এবং ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

 

  • শেয়ার করুন