১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৫১

বিসিএস’ পরিচয়ে বেপরোয়া বন কর্মকর্তা মালেক: পাহাড় কেটে সম্পদের পাহাড়, তবুও ধরাছোঁয়ার বাইরে!

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নন-ক্যাডার কর্মকর্তা হয়েও নিজেকে ‘বিসিএস বন কর্মকর্তা’ পরিচয় দিয়ে বেপরোয়া প্রভাব বিস্তার, সংরক্ষিত বনাঞ্চল উজাড়, চাঁদাবাজি এবং বদলি বাণিজ্যের মতো গুরুতর অভিযোগ রয়েছে ফরেস্ট রেঞ্জার আব্দুল মালেকের বিরুদ্ধে। একের পর এক চাঞ্চল্যকর অনিয়মের পাহাড়সম প্রমাণ মিললেও রহস্যজনক কারণে তিনি রয়ে গেছেন অনুসন্ধানের বাইরে। অদৃশ্য এক প্রশাসনিক খুঁটির জোরে তাঁর বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনুসন্ধানে জানা যায়, কর্মজীবনের শুরু থেকেই বিভিন্ন প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দুর্নীতিকে নিয়মে পরিণত করেছেন আব্দুল মালেক। চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা থাকাকালে ডিবি পুলিশের আদলে প্রাইভেট গাড়ি ভাড়া করে ভুয়া অভিযান চালিয়ে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় এবং বাজেয়াপ্ত করা সরকারি কাঠ গোপনে বিক্রির রেকর্ড রয়েছে তাঁর বিরুদ্ধে।

শুধু বন উজাড় ও চাঁদাবাজিতেই ক্ষান্ত হননি মালেক, অবৈধ উপার্জনে তিনি এখন রীতিমতো ‘টাকার কুমির’। অভিযোগ রয়েছে, ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট ক্রয়ের পাশাপাশি নিজ গ্রামে পরিবারের সদস্যদের নামে জমি বাগিয়ে নিয়েছেন তিনি। এমনকি নিজের ও স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করেছেন বিপুল পরিমাণ অবৈধ অর্থ। সংশ্লিষ্টরা বলছেন, সাব-রেজিস্ট্রি অফিসের ই-নথিতে মালেক ও তাঁর স্ত্রীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে অনুসন্ধান চালালেই বেরিয়ে আসবে এই অবৈধ সাম্রাজ্যের চাঞ্চল্যকর আমলনামা।

রেঞ্জার মালেকের এসব দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ঊর্ধ্বতন বন সংরক্ষকের দপ্তরে একাধিক লিখিত অভিযোগ জমা পড়লেও তা বর্তমানে হিমঘরে বন্দি। এমনকি তাঁর নিপীড়ন ও স্বজনপ্রীতির প্রতিকার চেয়ে মাঠপর্যায়ের শত শত বনকর্মী দপ্তরে আবেদন করলেও অদৃশ্য ইশারায় কোনো তদন্ত বা প্রশাসনিক বাঁশি বাজেনি।

অনুসন্ধানে আরও জানা গেছে, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়ালের সঙ্গে ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কই মালেকের এই ধরাছোঁয়ার বাইরে থাকার মূল চাবিকাঠি। এই সম্পর্কের সুবাদেই অনৈতিক লেনদেন ও ক্ষমতার দাপট দেখিয়ে বারবার সুবিধাজনক স্থানে পদায়ন বাগিয়ে নিচ্ছেন তিনি। ফলে বারবার বনাঞ্চল ধ্বংস ও দুর্নীতি করলেও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে রেঞ্জ কর্মকর্তা আব্দুল মালেক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ সত্য নয়। তবে ১৫ লাখ টাকার বিনিময়ে পদায়ন বাগানো এবং ৮০ হেক্টর বাগান সৃজন বরাদ্দের বিপরীতে বাস্তবে কতটুকু কাজ হয়েছে—সে বিষয়ে তাঁর সুনির্দিষ্ট কোনো সদুত্তর পাওয়া যায়নি।

বনাঞ্চল রক্ষা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে অবিলম্বে এই বিতর্কিত কর্মকর্তার অঢেল সম্পদের উৎস অনুসন্ধানে দুদককে দ্রুত স্বাধীন তদন্ত শুরু করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল। একই সঙ্গে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

  • শেয়ার করুন