১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১০:৫১

ডিসিসহ ৪ জনের বিরুদ্ধে আদালত অবমাননার শুনানি আজ

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬

  • শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি ঃ কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ক্ষতিগ্রস্ত করে সড়ক নির্মাণের কাজ শুরুর ঘটনায় জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানি আজ মঙ্গলবার।

সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনের প্রাথমিক শুনানি হয়।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা রিট আবেদনও শুনানি হবে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

এর আগে ২৬ আগস্ট কক্সবাজারে বিএনপি-আ.লীগ নেতাদের অবৈধ স্থাপনা রক্ষায় নকশা বদল : সৈকতের বালিয়াড়ি কেটে সড়ক’-শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরই বিষয়টি আমলে নিয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেয়।

 

 

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ এইচআরপিবির পক্ষে নোটিশটি পাঠান। এতে ২৪ ঘণ্টার মধ্যে বালিয়াড়িতে চলমান নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে সতর্ক করা হয়।

নোটিশের পরও নির্মাণ কাজ বন্ধ না হওয়ায় এইচআরপিবি হাইকোর্টে আদালত অবমাননার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতেই জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকসহ চারজনের বিরুদ্ধে করা আবেদনের প্রাথমিক শুনানি হয়।

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে কক্সবাজার পৌরসভা বালিয়াড়ির ভেতর সড়ক নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করে। ২৪ আগস্টের পর থেকে সেখানে নির্মাণ কাজ শুরু হয়।

 

  • শেয়ার করুন