৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ১০:১১

সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি ঃ

যশোরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী চক্রান্তের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচ সাবেক এমপিসহ ১১৩ জনের কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

মামলায় অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার যশোর কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন শহরের পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

এ মামলায় সাবেক কাউন্সিলর রাজিবুল ইসলাম রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মাসুম খান।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, কাজী নাবিল আহমেদ, রণজিত রায়, মনিরুল ইসলাম ও ইয়াকুব আলী। এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে এতে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সকালে যশোর শহরের কাজীপাড়া কাতালতলা এলাকায় রাস্তার ওপর সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, বিদ্যুৎ সরবরাহ ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ মিছিলের আয়োজন করা হয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা একটি ‘জাতীয় শোক দিবস’ লেখা ব্যানার ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যানারটি উদ্ধার করে।

কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, মামলা তদন্তাধীন রয়েছে। এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

  • শেয়ার করুন