২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১০:০১

শিরোনাম
ভারতীয় দুই নাগরিক গ্রেফতার বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে বাধার তীব্র প্রতিবাদ এনসিপির রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল বাগেরহাটের সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানো হলো বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনার মামলায় ১৫ আসামি রিমান্ডে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন ‘সিন্ডেকেটের’ আশঙ্কা জামায়াত ও এনসিপির

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬

  • শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাজ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধভাবে বিদেশযাত্রা ঠেকাতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি। এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনি এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিদেশগামীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নিতে হবে। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর কর্মীদের বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার আহ্বান জানান তিনি।

সভায় ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় জড়িত দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও কথা বলেন মন্ত্রী। নিহতদের পরিবারের করা মামলার আসামি এবং সংশ্লিষ্ট চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে সিলেট রেঞ্জের ডিআইজি ও সুনামগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।

অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশনাও দেন আরিফুল হক চৌধুরী। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নিয়মিত প্রচারণার মাধ্যমে মানুষকে দালালদের বিষয়ে সতর্ক করার কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সাগরপথে যারা মারা গেছেন এবং যারা এভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, তাদের যাত্রাপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে। বিদেশে অবস্থানরত সংশ্লিষ্টদের তথ্যও মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান তিনি। পরে সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

 

  • শেয়ার করুন