প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬
প্রকাশিত:

জেলা প্রতিবেদক ঃ চট্টগ্রাম নগরীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কাছে দুই কোটি টাকা চাঁদা দাবির পর প্রতিষ্ঠানের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিএমপির একাধিক চৌকস টিম, চকবাজার থানা পুলিশ এবং র্যাব-৭-এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীতে ইন্টারনেট সেবা দিয়ে আসা ডিজিটাল ডট নেট (ডিডিএন) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেবিড ইমন’ পরিচয় দেওয়া এক ব্যক্তি ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে প্রতিষ্ঠানের কাছে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি করা অর্থ না দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এর দুই দিন পর, গত ১৩ জুলাই দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে চকবাজার থানার চন্দনপুরা এলাকার মনুমিয়াজী লেইনে মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক তাণ্ডব চালায়।
হামলাকারীরা অফিসের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র, কাঁচের দরজা ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া হামলার সময় অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ নিয়ে যায় হামলাকারীরা। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে চকবাজার থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় সিএমপির একাধিক বিশেষ টিম, চকবাজার থানা পুলিশ এবং র্যাব-৭ যৌথভাবে অভিযান চালিয়ে মামলায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন , মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
সিএমপি পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি, মানবপাচার, অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতি, চোরাচালান, বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনের অধীনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ইমরান হোসেন চ্যাংয়ের বিরুদ্ধে ১২টি, মো. নয়নের বিরুদ্ধে ৮টি, মনিরের বিরুদ্ধে ৭টি এবং ইউনুস, আকবর ও সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সিএমপি।তবে পুলিশ জানিয়েছে, অভিযানে আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলমান থাকায় তদন্তের স্বার্থে তার পরিচয় ও ছবি আপাতত প্রকাশ করা হয়নি।