প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬
প্রকাশিত:
বাসস ঃ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রণীত কর্মসূচির আলোকে দিবস দুটি পালনের জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে আলোচনাসভার আয়োজন করা হবে।
অন্যদিকে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে।
এসব কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব পালন করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), শিশুকল্যাণ ট্রাস্ট এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট।
সভায় গৃহীত কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের আহ্বান জানানো হয়।