৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,ভোর ৫:১৭

দুর্নীতির ৬ মামলায় কারাগারে মানসিক হাসপাতালের সাবেক পরিচালক

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬

  • শেয়ার করুন

জেলা প্রতিনিধি  ঃ                

অনিয়মদুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা ছয়টি মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মলয় কুমার দাস।

অভিযুক্ত ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস যশোর জেলার মনিরামপুর থানার কুলটিয়া এলাকার মৃত বিরাট চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে পাবনার দিলালপুরের স্টার অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঠিকাদার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অর্থবছরে পণ্য সামগ্রীর মূল্য প্রকৃত বাজার মূল্যের চেয়ে বেশি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে তদন্তের পর ২০২২ সালে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার সাবেক সহকারী পরিচালক (বর্তমানে উপপরিচালক) শহীদুল আলম সরকার বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন দুদক, পাবনার পিপি অ্যাডভোকেট মলয় কুমার দাস রায়। অপরপক্ষে আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন ও আলী রেজা পারভেজ। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

 

 

  • শেয়ার করুন