প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬

জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল কর্তৃক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানকারী নাগরিকদের উদ্দেশে “জারজ সন্তান” বলে প্রকাশ্যে যে কুরুচিপূর্ণ, অশ্রাব্য ও ঘৃণাত্মক মন্তব্য করা হয়েছে, তা জাতির গণতান্ত্রিক ইতিহাসে একটি ন্যক্কারজনক ও লজ্জাজনক অধ্যায়। এই বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়—এটি সংবিধান, ভোটাধিকার এবং জনগণের মর্যাদার ওপর সরাসরি আঘাত।
রাজাপুর কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম-এর সভাপতি মাওলানা মোঃ আবু ইউসুফ এবং সেক্রেটারি মাওলানা মোঃ জসিম উদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের মুখ থেকে এমন অমানবিক ও অবমাননাকর ভাষা প্রমাণ করে—তিনি এখনো গণতন্ত্রের মৌলিক চেতনাকে ধারণ করতে ব্যর্থ। জনগণই রাষ্ট্রক্ষমতার উৎস; সেই জনগণকে গালাগালি করে ক্ষমতার আসনে থাকার কোনো নৈতিক অধিকার কারও নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ভিন্ন রাজনৈতিক মত বা প্রতীকে ভোট দেওয়ার কারণে সাধারণ মানুষকে “জারজ” আখ্যা দেওয়া ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ। এ ধরনের বক্তব্য সমাজে ঘৃণা, বিভক্তি ও সংঘাত উসকে দেয় এবং রাজনীতিকে কুৎসিত ও বিপজ্জনক পথে ঠেলে দেয়। একজন এমপি যদি জনগণকে শত্রু হিসেবে চিহ্নিত করেন, তবে তিনি নিজেই নিজের সাংবিধানিক দায়িত্ব হারান।
রাজাপুর–কাঁঠালিয়া উন্নয়ন ফোরাম অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার, জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ থেকে বিরত থাকার জোর দাবি জানাচ্ছে। অন্যথায় এই বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী গণতন্ত্রকামী জনগণকে সাথে নিয়ে কঠোর রাজনৈতিক ও আইনগত কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বিবৃতির শেষাংশে বলা হয়, ভোটাধিকারকে অবমাননা মানে গণতন্ত্রকে অস্বীকার করা, আর গণতন্ত্র অস্বীকারকারীদের ইতিহাস কখনো ক্ষমা করে না।