প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬
প্রকাশিত:
জেলা সংবাদদাতা ঃ

নোয়াখালী সদর উপজেলায় শ্রেণিকক্ষে পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুহুল আমিন (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সুধারাম মডেল থানা পুলিশ।
গ্রেফতার মো. রুহুল আমিন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামের মো. আবুল কালামের ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের বিষয়টি স্বীকার করেছেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ওই মাদ্রাসায় টিফিন বিরতি চলছিল। এ সময় শিক্ষক রুহুল আমিন প্রথম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। পরে ভুক্তভোগী শিশু বাড়িতে গিয়ে বিষয়টি অভিভাবকদের জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘গ্রেফতারের পর আসামি রুহুল আমিন নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় আজ (বুধবার) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’