প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬
বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম অঞ্চলের ফরেস্ট গার্ড কল্যাণ সমিতির কয়েকজন প্রভাবশালী নেতা এবং সিসিএফ ও অ্যাডমিনের সঙ্গে মিলে ফরেস্ট গার্ড আসলাম গড়ে তুলেছেন একটি শক্তিশালী যৌথ সিন্ডিকেট। এই চক্রের মূল চালিকাশক্তি হিসেবে রয়েছেন কল্যাণ সমিতির সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক মোস্তফা এবং সদস্য বাবুল ও কাউছার (চট্টগ্রামের দায়িত্বে)। অন্যদিকে ঢাকায় এই চক্রের নেপথ্যে রয়েছেন আমিরুল হাসান, নাজমুল-১ ও আবু সুফিয়ানসহ বেশ কয়েকজন।
এই চক্রটির ক্ষমতার দাপট এত বেশি যে, তাদের অভ্যন্তরীণ দুর্নীতি ও প্রশাসনিক প্রভাবের কারণে সাধারণ বন কর্মকর্তারাও তাদের অপকর্মের প্রতিবাদ করার সাহস পান না। চট্টগ্রামে আসলামের এই গ্রুপটি- ‘টপ টেন গ্রুপ’ নামে পরিচিত। মূলত এই দশজন মিলে এমন ক্ষমতা বিস্তার করেছেন যে, বন বিভাগের অন্য কোনো কর্মকর্তা তাদের বিরুদ্ধে টু শব্দটি করারও সাহস পান না। তাদের মধ্যে প্রধান হলেন—জসিম, আসলাম, বাবুল, কাউছার ও মোস্তফাসহ আরও ৬ জন। তারা দলবদ্ধভাবে গাছ ও জমি বিক্রি করাসহ নানা অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন। এই চক্রটি প্রতি মাসে মোটা অঙ্কের টাকা সিসিএফ ও অ্যাডমিন আর.এস.এম. মুনিরুল ইসলাম (বন সংরক্ষক) কে দিয়ে থাকেন। যার ফলে এই সিন্ডিকেট দলকে সর্বপ্রকার সহযোগিতা করে থাকেন বলে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অনুসন্ধানে জানা যায়, সিসিএফ আমীর হোসাইন চৌধুরী, বন সংরক্ষক (প্রশাসন ও অর্থ) আর.এস.এম. মুনিরুল ইসলাম, সংস্থাপনের সহকারী প্রধান বন সংরক্ষক হুমায়ুন কবির, উপপ্রধান বন সংরক্ষক (বন্যপ্রাণী ও রক্ষিত এলাকা ব্যবস্থাপনা) গোবিন্দ রায়, সংস্থাপনের সাবেক কর্মকর্তা নিসাদ এবং জনৈক নারী কর্মকর্তার ( যিনি কথায় কথায় সেনাবাহিনীর ভয় দেখান; কারণ তার বোন সেনাবাহিনীতে চাকরি করেন—কিন্তু তিনি কি জানেন যে, অতীতের মতো অবৈধ কাজ করার সুযোগ এখন আর নেই? ) বিরুদ্ধে ক্ষমতার প্রভাব বিস্তার, অবৈধ লেনদেন ও কারসাজির গুরুতর অভিযোগ উঠেছে। উল্লেখিত এই কর্মকর্তাদের চালচলন ও কর্মপদ্ধতি সবই যেন ফ্যাসিস্ট সরকারের আমলের মতো রয়ে গেছে। তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তনের ছোঁয়া দেখা যায় না। এদের ছত্রচ্ছায়ায় আগের সিন্ডিকেটগুলো—যেমন ময়মনসিংহের উথুরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নানান অপরাধ থাকার পরও বীরদমে চলাফেরা করেন এবং ফরেস্ট গার্ড মো. আসলাম, জসিম, আমিরুল হাসান, নাজমুল-১ ও আবু সুফিয়ান—একটি শক্তিশালী দুর্নীতি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এদের ক্ষমতার অপব্যবহার, নারী কেলেঙ্কারি, সংরক্ষিত বনভূমির গাছ ও জমি বিক্রি এবং নিয়মিত বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে এই সিন্ডিকেট যেভাবে শিকড় গেড়েছিল, আজও ঠিক তেমনি বহাল রয়েছে। এরা গাড়ি নিয়ে জেলায়ে জেলায় ফরেস্ট গার্ড ও রেঞ্জ কর্মকর্তাদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলেন বলেও অভিযোগ রয়েছে।
এদের অন্যায়-অত্যাচারে অতিষ্ঠ হয়ে সাধারণ কর্মচারীরা মন্তব্য করেন যে, বনের দায়িত্ব যদি সরকারের সশস্ত্র বাহিনীর হাতে দেওয়া হতো, তবে হয়তো কিছুটা বনভূমি ও বনের গাছপালা রক্ষা পেত। যেভাবে আওয়ামী লীগের আমলে মহারাজ, ইউনুস ও বনের ডিএফও ও ফরেস্ট গার্ডরা বনভূমি ও বনের গাছপালা বিক্রি করেছে, আজও একই অবস্থা বিরাজ করছে। যদি এভাবেই চলতে থাকে, তবে একসময় বনের কোনো অস্তিত্বই আর থাকবে না।
এরা প্রথমে ‘গাছের ডালপালা কাটার’ কথা বলে বড় বড় গাছ চিহ্নিত করে। এরপর সন্ধ্যার পর যখন এলাকায় কেউ থাকে না, তখন তারা কর্মকর্তাদের কাছে ব্যাগ বোঝাই করে টাকা পৌঁছে দেয়। রাত গভীর হলে গাছ কাটা শুরু হয় এবং তা সরিয়ে ফেলা হয়। এভাবে প্রতিদিন গাছ কাটা ও বিক্রি অব্যাহত রয়েছে বলেই সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়।
সিসিএফ ও অ্যাডমিন মনিরুল ইসলামের প্রত্যক্ষ সহযোগিতার কারণে এই চক্রের বিরুদ্ধে কোথাও অভিযোগ করার সাহস পায় না কেউ। আসলাম অত্যন্ত দুরন্ত ও ঠাণ্ডা মাথার অপরাধী। তিনি শুধু বাইরের লোকজনের ওপরই নয়, নিজের দপ্তরের সহকর্মীদের ওপরও নিয়মিত প্রভাব বিস্তার করেন। তার কথার অবাধ্য হলে সহকর্মীদের হেনস্তা করার সরাসরি তিনি সিসিএফ ও অ্যাডমিনের কাছে নালিশ জানান। আর তারা সব সময় আসলামের কথাই সঠিক বলে মনে করেন।
তার এই অপক্ষমতা ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে আসলাম সদুত্তর না দিয়ে সংবাদ থেকে তার নাম বাদ দেওয়ার হুমকি দেন। প্রতিবেদক তাতে রাজি না হলে আসলাম বলেন, “আমার আত্মীয়স্বজন আপনাকে দেখে নেবে!”—এই কথা বলে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে প্রতিবেদকের কাছে একাধিক হুমকি ফোন এলেও প্রতিবেদক তাদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
অনুসন্ধানে আরও জানা যায়, আসলাম নিজেকে শাহজাহানপুরের স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন। অন্যদিকে, সনি আখড়ায় তার বাড়ি আছে এবং সেখানে তার ছোট বোনাই আবুল খায়ের (শিবলু) তৎকালীন সময়ে যুক্ত ছিলেন বলে জানা যায়। তবে তার আসল পরিচয় উদঘাটন করতে গিয়ে জানা যায়, তার বাবা রেলওয়ের কর্মচারী হওয়ার সুবাদে তারা শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করতেন। আসলামের মূল বাড়ি ফরিদপুর সদরের ওয়্যারলেস সড়ক, ওয়্যারলেস পাড়ায় (পৌরসভার মধ্যে)। সেখানে তার একটি বাড়ি রয়েছে এবং তার বাবা সেখানেই থাকেন। আর আসলাম বর্তমানে আগারগাঁওয়ের একটি ভাড়া বাসায় থাকেন। এছাড়া আসলাম রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সদস্য ছিলেন বলেও তথ্য রয়েছে।
এই সিন্ডিকেটের অপরাধ আড়াল করতে এবং নিজেদের স্বার্থ রক্ষার্থে অনেক দায়েরকৃত আদালতের মামলার গুরুত্বপূর্ণ সরকারি ফাইল, মূল প্রমাণাদি ও নথি ম্যানিপুলেট করা কিংবা সম্পূর্ণ গায়েব (নষ্ট) করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও এই চক্রের বিরুদ্ধে রয়েছে। ( চলবে )