২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:৪৩

চাঁদাবাজরা হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত: আইজিপি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :

খুলনায় কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, চাঁদাবাজরা হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত।

আজ শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।

আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘চাঁদাবাজি যারা করে, সমাজের প্রভাবশালী ব্যক্তি তারা। হয় সন্ত্রাসী অথবা কোনো না কোনো ক্ষমতার সঙ্গে যুক্ত হয়ে তারা এই কাজগুলো করে। তাদের বিরুদ্ধে ভয়ে কেউ সাক্ষ্য দিতে চায় না; থানায় অভিযোগও করতে চায় না।’

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ বলছে, এদের ওপর বল প্রয়োগ করা হোক। বল প্রয়োগ করলে আবার বলা হয়, পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ। সুতরাং এগুলো আমরা দেখতে চাই না।

আলী হোসেন ফকির, পুলিশ মহাপরিদর্শক

আইজিপি বলেন, ‘এ জন্য আমি আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এই চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটা নতুন আইন করার কথা বলেছি। যাতে পুলিশ মামলা দিতে পারে এবং পুলিশই যেন ব্যবস্থা নিতে পারে। জনগণের কোনো কমপ্লেইন (অভিযোগ) করার দরকার নাই। ডিজিটাল এভিডেন্সসহ (তথ্যপ্রমাণ) যেকোনো ধরনের এভিডেন্স পেলে অভিযুক্তের বিরুদ্ধে যাতে সঠিক ব্যবস্থা নেওয়া যায়, এ ব্যাপারে আগামী কিছুদিনের মধ্যে দেখবেন নতুন আইন হচ্ছে। এগুলো সমাজ থেকে নির্মূল হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আরেক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে সমাজের কী অবস্থা ছিল? পুলিশ ছিল না, সব জায়গায় সন্ত্রাসী কার্যক্রম। এখন পুলিশ মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। সব জায়গায় পুলিশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সব সমস্যার তো রাতারাতি পরিবর্তন হবে না। অবস্থার তো এখন উন্নতি হয়েছে।

‘বল প্রয়োগ করলে বলা হয়, পুলিশ ফ্যাসিস্ট’

আইজিপি আলী হোসেন বলেন, ‘আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই। এটা করতে গেলে আবার অনেকে বলছে, অপরাধীরা পুলিশকে ভয় পায় না। তাদের আইনের আওতায় আনা হলেও কিছুদিন পর আবারও একই কার্যক্রম করছে। আমরা পলিসি ডেভেলপমেন্ট (নীতিমালা তৈরি) করছি, কীভাবে তাদের প্রতিরোধ করা যায়।’

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও কথা বলেন আইজিপি। তিনি বলেন, ‘কিছু অপরাধী খুন হচ্ছে আবার কিছু অপরাধী খুন করছে। জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইন প্রয়োগ করতে গিয়ে কেউ বলছে, এদের ওপর বল প্রয়োগ করা হোক। বল প্রয়োগ করলে আবার বলা হয়, পুলিশ ফ্যাসিস্ট। বল প্রয়োগ না করলে বলা হয় দুর্বল পুলিশ। সুতরাং এগুলো আমরা দেখতে চাই না।’

আইজিপি আলী হোসেন ফকির আরও বলেন, দীর্ঘ ১৭ বছরে স্বীকৃতি দিয়ে মাদককে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

  • শেয়ার করুন