প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিজস্ব সংবাদদাতাঃ
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনে আইনশৃঙ্খলা সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার নির্বাচন আগামী জানুয়ারিতে শুরু হয়ে ৬ জুনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ মঙ্গলবার বিকেলে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং তা ৬ জুন পর্যন্ত চলবে। এ জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান জনগণের সরকার বদ্ধপরিকর এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে আমাদের প্রতি—আগামী যে স্থানীয় সরকারের নির্বাচন আসছে, এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে যা যা করার প্রয়োজন, আমরা করব। নির্বাচনকে কলঙ্কিত করে বা নির্বাচনের কোনো কলঙ্কিত অধ্যায় নিয়ে বিএনপি সরকার থাকবে না। এটা আপনাদের মাধ্যমে জনগণকে এবং যারা প্রার্থী, তাদের আমরা এই নিশ্চয়তা দিতে চাই।’
রংপুর জেলার সড়ক সংস্কার ও উন্নয়নে গত ছয় মাসে ১২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মীর শাহে আলম। তিনি বলেন, ‘রংপুর জেলার জন্য শুধুই বলছি। এর বাইরে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী—এই চার জেলার অবকাঠামো উন্নয়নের জন্য আমরা ৩ হাজার ৬০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প আমার মন্ত্রণালয় থেকে একনেকে অনুমোদনের জন্য পাঠিয়েছি।’ তিনি বলেন, প্রত্যেক সংসদ সদস্যের কাছ থেকে প্রকল্প নিয়ে রংপুর বিভাগের জন্য ১ হাজার ৬৫০ কোটি টাকার আরেকটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
এ ছাড়া জনস্বাস্থ্য উন্নয়ন ও রংপুর বিভাগের সব পৌরসভার উন্নয়নের জন্য নতুন প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এসব প্রকল্প বর্তমানে পাইপলাইনে আছে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশকে তাঁরা সুষম বণ্টন ও সুষম উন্নয়নের আওতায় নিয়ে আসবেন।
কৃষি খাতের উন্নয়নে ‘জোন ম্যাপের’ মাধ্যমে অঞ্চলভিত্তিক ফসলকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথাও জানান মীর শাহে আলম। যে অঞ্চলে যে ফসল বেশি হয়, সেই অঞ্চলে ওই ফসলকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা নিয়ে সরকার কাজ করছে। দ্রুতই এটি বাস্তবায়নের দিকে যাবে সরকার। এ ব্যাপারে বর্তমান সরকার বদ্ধপরিকর।