প্রকাশিত: জুলাই ১২, ২০২৬
ডেক্স ঃ সিটি করপোরেশনের ছাদেকুর রহমানকে বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলো অথচ তাকে যুগ্ম সচিবে পদোন্নতি দিলো জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় একযোগে ১৭৯ জন উপসচিব কে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব পদে উন্নীত করেছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার তালিকায় প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত হওয়া ছাদেকুর রহমানও রয়েছে।
গত ৯ই জুলাই বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় দু‘টি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে ১৭৯ জনের তালিকায় ৬৭ নম্বরে রয়েছে ছাদেকুর রহমানের নাম। তার আইডি নং ১৫৮৬৫।
ছাদেকুর রহমান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলো। গত ২৮শে মে ঈদুল আজহার দিন নানা স্থানে মানুষ কোরবানি দেয়। কোরবানির বর্জ্য ঠিক মতো অপসারণ করা হয়েছে কি না তা দেখতে পরদিন প্রধানমন্ত্রী নিজেই গাড়ি নিয়ে বের হয়। প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় সিটি করপোরেশন কর্মীদের পশুর বর্জ্য অপসারণ কাজ দেখে। প্রধানমন্ত্রী সেদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ঢাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
পরিদর্শনের সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা ময়লা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। বর্জ্য অপসারণে অবহেলার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তার নির্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজিরকে তাৎক্ষণিক ভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
অসদাচরণের অভিযোগে তাদের চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে নির্দেশ ছিলো দায়িত্বে অবহেলার অভিযোগে যেনো তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে বিভাগীয় তদন্ত শেষ হওয়ার আগেই বরখাস্ত আদেশের মধ্যেই ছাদেকুর রহমান যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলো।