১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৪৬

শিরোনাম

বিরামপুরে পুনরায় উচ্ছেদ অভিযানে উদ্ধার হলো সরকারি জমি, জরিমানা ২ হাজার টাকা

প্রকাশিত: জুন ১৬, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ ইব্রাহীম মিঞা ঃ     দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়ন ভূমি অফিসের বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অবৈধ দখলমুক্ত করে সরকারি সম্পত্তি রক্ষা এবং ইউনিয়ন ভূমি অফিসের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।

মঙ্গলবার (১৬ জুন) বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিনের নেতৃত্বে বিরামপুর থানা পুলিশের সদস্য ও গ্রাম পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন প্রায় ১ একর ৩৬ শতাংশ সরকারি জমিতে পুনরায় নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে একই স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে পুনরায় সেখানে স্থাপনা নির্মাণ করা হয়। এ কারণে প্রশাসন আবারও অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে। এ সময় এক দখলদারকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই দিনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় আড়াই শতক সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করে জমি উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একই এলাকায় অভিযান পরিচালনা করে ১ একর ৩৬ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছিলেন। তবে পরবর্তীতে পুনরায় দখলচেষ্টার ঘটনায় প্রশাসন আবারও কঠোর অবস্থান নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি সম্পত্তি রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের অবৈধ দখলদারিত্ব বরদাশত করা হবে না।

 

 

  • শেয়ার করুন