প্রকাশিত: জুন ১৩, ২০২৬
নিজস্ব প্রতিনিধি ঃ
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়ার ঘোষণা শেখ তারেকের।
বাগেরহাটের ফকিরহাটে জামায়াতের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ তারেক নামে এক ব্যক্তি।
শুক্রবার (১২ জুন) জুমার দিন দুপুরে দুধ দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শেখ তারেক উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
তারেকের দাবি, গত ১৪-১৫ বছর ধরে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজের আগে শেখ তারেক দুধ দিয়ে গোসল করেন এবং পরে দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেন। এ সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
দল ত্যাগের কারণ ব্যাখ্যা করে শেখ তারেক বলেন, দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। দলের দুর্দিনে সক্রিয়ভাবে কাজ করেছি। বর্তমানে দলের সুদিনে বিভিন্ন অনুপ্রবেশকারী দলে জায়গা করে নিচ্ছে। নানা কারণে দলের কাছে আমার গুরুত্ব কমে গেছে এবং আমি অবহেলার শিকার হয়েছি। তাই জুমার দিনে দুধ দিয়ে গোসল করে দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে দলটির কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।
তবে, শেখ তারেকের দাবির বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আলা মাসুম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে বলেন, এই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। তিনি জামায়াতকে ভালোবাসতেন মাত্র। ভালোবাসার মানুষকে ত্যাগ করতেই পারেন।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।