২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৪:০৭

অন্তর্বর্তী সরকারের সময়ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং বেড়েছে: ডিসিসিআই সভাপতি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ঃ

অন্তর্বর্তী সরকারের সময়ও দুর্নীতি এক দিনের জন্যও বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছেএমন দাবি করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। গতকাল  (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায়নবগঠিত সরকারের নিকট ব্যবসায়ীদের প্রত্যাশাশীর্ষক সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেছেন।

তাসকিন আহমেদ বলেন, ‘২০২৪ সালের আগস্টের পরও দেশে আওয়ামী সরকারের সময়ের মতোই দুর্নীতি হয়েছে। দুর্নীতি এক দিনের জন্যও বন্ধ হয়নি, বরং কিছু ক্ষেত্রে বেড়েছে। পুলিশ, প্রশাসন, ইনকাম ট্যাক্স অফিস সব জায়গায় দুর্নীতি ছেয়ে আছে। এগুলো বন্ধ না হলে অর্থনীতি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। আর চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের ব্যবসা বন্ধ করে দিতে হবে।’

বিদায়ী অন্তর্বর্তী সরকার সার্বভৌমত্ববিরোধী নানা চুক্তি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিলো না। জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার জন্য রপ্তানি প্রবৃদ্ধি এখন তলানিতে এসে ঠেকেছে।’

তিনি বলেন, ‘আমাদের রক্তে রক্তে চাঁদাবাজি ঢুকে গেছে। ফ্যাক্টরিতে ট্রাক ঢুকতে চাঁদা দিতে হয় আবার বের হতেও চাঁদা দিতে হয়। পরিস্থিতি এমন হয়েছে যে মানুষ এখন রাস্তায় নামতে বাধ্য হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির কী হবে, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার করার দাবিও জানান ডিসিসিআই সভাপতি। চুক্তিতে থাকা দেশের স্বার্থবিরোধী বিষয়গুলো বাতিলের দাবিও জানান তিনি। এছাড়া রপ্তানির জন্য চামড়া ও হালকা প্রকৌশলীসহ ৩০টি খাতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের কথা বলেন ডিসিসিআই সভাপতি।

  • শেয়ার করুন