১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৩:৫৯

বাবা ছিলেন খালেদা জিয়ার সরকারে, মীর হেলাল তারেক রহমানের মন্ত্রিসভায়

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

বাবার পথ ধরে বিএনপির সরকারে স্থান পেলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। নতুন সরকারে প্রতিমন্ত্রী হয়েছেন তিনি। তাঁর বাবা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে প্রতিমন্ত্রী ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে আজ মঙ্গলবার বিএনপি নতুন সরকার গঠন করে। দলটির চেয়ারম্যান তারেক রহমান তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় মীর হেলাল পেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

বিষয়টি নিশ্চিত করে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে  বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের আস্থায় রাখতে চান। এর পরিচায়ক হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। আমাকে লক্ষাধিক ভোটে জয়ী করার জন্য হাটহাজারীবাসীকে ধন্যবাদ।’

এবারের নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে প্রার্থী হয়ে বিজয়ী হন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল। তিনি পান ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন পান ৪৬ হাজার ৫৮৯ ভোট। মীর হেলাল এবারই প্রথম সংসদ সদস্য হলেন।

মীর হেলালের জন্ম ১৯৮২ সালের ১২ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিল এলাকার মীর বাড়িতে। তাঁর বাবা মীর নাছির একসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন তিনি। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় গেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

মীর হেলাল ২০০২ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে এলএলবি (অনার্স) করেন। এরপর ২০০৩ সালে কলেজ অব ল অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস (ইউনিভার্সিটি অব ল) থেকে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন এবং ২০০৪ সালে অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল হিসেবে স্বীকৃতি পান।

আইন পেশায় যুক্ত মীর হেলাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। তিনি ল ফার্ম ‘দ্য লয়ার্স কাউন্সিল’-এর হেড অব চেম্বার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, মীর হেলালের সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৯৫৭ টাকা। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৪০ লাখ ৫৬ হাজার ৭৪৩ টাকা।

বাবার পথ ধরে বিএনপিতে যুক্ত হওয়া মীর হেলাল বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ)। এ ছাড়া তিনি বিএনপি মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা সদস্য এবং তারেক রহমান পরিচালিত ‘লিগ্যাল রিসার্চ সেল’-এর আহ্বায়ক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিরও সদস্য।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক এবং নীতি গবেষণা প্রতিষ্ঠান ‘সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ (সিএনএস)’-এর কোষাধ্যক্ষের দায়িত্বও সামলাচ্ছেন মীর হেলাল। তিনি হাটহাজারীর ‘মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল’-এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি। এ ছাড়া পারিবারিক চ্যারিটেবল ট্রাস্ট ‘ডালিয়া-নুসরাত মেমোরিয়াল ট্রাস্ট’-এর ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

 

  • শেয়ার করুন