১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:২৬

নির্বাচনে জামানত হারিয়েছেন ৪২ দলের প্রার্থীরা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬

  • শেয়ার করুন

মাহফুজ জাহিদঃ

১২ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে ২৯৭ আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। তবে একটি আসনে ভোট স্থগিত এবং দুটি আসনের ফলাফল চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষণা হবে না।

নির্বাচন কমিশন সুত্র নিশ্চিত করেছে ভোটে অংশ নেওয়া মোট ৫১ টি দলের মধ্যে ৪২টি দল কোনো আসনে জয় লাভ করতে পারেনি।এমনকি তাদের দলীয় প্রার্থীদের জামানত রক্ষা হয়নি।

প্রকাশিত ফলাফল অনুযায়ী ২৯৭ আসনের মধ্যে বিএনপি জোট ২০৯টি আসনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ৭৭ টি আসনে জয়লাভ করেছে।জামায়াতের বাইরে  এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। এই তিনটি দলই ১১-দলীয় জোটে অন্তর্ভুক্ত।

বিএনপি জোটের একটি করে আসন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস। এছাড়া সাতটি আসনে জয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছোট ও নতুন রাজনৈতিক দলগুলো শতাধিক আসনে প্রার্থী দেওয়ার পরও কাঙ্ক্ষিত ফল পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বড় দলকেন্দ্রিক মেরুকরণ, জোটভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট দলগুলো হতাশার মুখোমুখি হয়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী  ত্রয়োদশ সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে মাত্র ৯টি রাজনৈতিক দল এবং কিছু স্বতন্ত্র সদস্য। বাকিদের জন্য এই নির্বাচন হয়েছে হতাশার অধ্যায়।

নির্বাচনে কোনো আসন না পাওয়া রাজনৈতিক দলের মধ্যে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি), জনতার দল, আমজনতার দল,এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ও জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএমএল, মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ),  ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী),  বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উল্লেখযোগ্য।

  • শেয়ার করুন