প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি ঃ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিাণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আপনি আমাকে ভোট দেওয়ার পরে যদি একটি অন্যায় সুবিধার জন্যও আসেন, আমি আপনাকে চিনি না। কেউ চাঁদাবাজির কোনো সুযোগ পাবে না। আপনারা মনে কইরেন না, আমার লোক হলে চাঁদাবাজি জায়েজ।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী এলাকায় নির্বাচনী এক সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘রাজনীতি কোনো পেশা না। আপনি আমার ভোট করে, সাথে ছবি তুলে, তারপর গিয়ে বাজার দখল করবেন। ওইটা আমার বাপ হলেও আমি তাকে চিনি না। আল্লাহর কসম, আমি আপনাকে চিনব না।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনাদের আমাকে টাকাপয়সা দিতে হবে না। আপনারা শুধু প্রত্যেকের ঘরে ঘরে আমাদের শাপলা কলির বার্তা পৌঁছে দেন। আগামী ১২ তারিখ দেবিদ্বারের চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক কারবারিদের শেষ দিন হবে ইনশা আল্লাহ।’
দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিসসহ জোটের অনেক নেতা উপস্থিত ছিলেন।