প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ঃ
আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের বিরুদ্ধে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ‘দুর্ব্যবহারের’ ঘটনা ঘটে। অবশ্য যখন এ ঘটনা ঘটে, তখন আখতার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি।
ঘটনার বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।