প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক: মেঘনা নদীতে মাছ ধরতে হলে নৌ পুলিশকে টাকা দিয়ে সংগ্রহ করতে হয় বিশেষ ‘টোকেন’। আর সেই টোকেন না থাকলেই নৌকা আটক করে আদায় করা হয় ৩ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন ও এসআই মানিক মৃধাসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এভাবেই জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
এমন পরিস্থিতিতে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় জেলেরা। এরই প্রতিবাদে সোমবার (২৩ নভেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মানববন্ধন করেছেন ভুক্তভোগী জেলেরা।
ভুক্তভোগী জেলেদের অভিযোগ, নদীতে মাছ ধরতে যাওয়ার আগে নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে কিছু জেলেকে একটি লিখিত টোকেন দেওয়া হয়। রাতে নদীতে অভিযানের সময় ওই টোকেন দেখাতে পারলে আর কোনো ঝামেলা হয় না। কিন্তু টোকেন দেখাতে ব্যর্থ হলেই বিভিন্ন অজুহাতে নৌকা আটক করে মোটা অঙ্কের অর্থ দাবি করা হয়। এমনকি সদ্য সমাপ্ত ‘মা ইলিশ রক্ষা অভিযানের’ সময়ও নৌকাপ্রতি ১২ থেকে ১৫ হাজার টাকা করে আদায় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
গজারিয়ার জেলে মহিউদ্দিন, সোহেল ও আফসার জানান, মাছ কেনাবেচার কাজে নদীতে গেলে কোনো অবৈধ মাছ বা নিষিদ্ধ জাল না পাওয়া সত্ত্বেও নৌ পুলিশ তাঁদের আটক করে। পরে থানায় নিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাঁদের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জেলে জানান, তাঁর পরিচিত এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে এককালীন ৩৫ হাজার টাকা নেওয়ার পর মাসিক ১ হাজার টাকা চুক্তিতে টোকেন দেওয়া হয়েছে। এভাবে মেঘনার ৩০ থেকে ৩৫টি নৌকা থেকে প্রতি মাসে নিয়মিত চাঁদা তোলা হচ্ছে।
আরেক ভুক্তভোগী জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমানে নদীতে কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই। তবুও মাছ ধরতে গেলে আমাদের আটক করে কারও কাছ থেকে ৪ হাজার, কারও কাছ থেকে ৫ হাজার, আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমাদের গ্রামের অধিকাংশ মানুষই মাছ ধরার ওপর নির্ভরশীল। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে।”বিষয়টি নিয়ে এসআই মানিক মৃধার সাথে তার মুঠো ফোনে আলোচনা হলে তিনি জানান যে ঐ এলাকা আমাদের ফাঁড়ির মধ্যে না, আমরা ওখানে যাই না। আমাদের নামে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।সত্য ঘটনাটি তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আইনানুগ ব্যবস্থা নেণ।