২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:৩১

শিরোনাম
রাজধানীসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন; বাড়তি ৪ প্লাটুন প্রস্তুত অন্যের পরিচয়ে ৩৮ বছর চাকরি: অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ১৩ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত ডিজি; ২৬ নভেম্বর উঠছেন প্রধানমন্ত্রীর মঞ্চে! পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: ৪ গ্রেডে কে কত পাবেন বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ মন্ত্রীর কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার চিত্র তুলে ধরল সরকার বিএনপি সরকারের আমলে প্রথম ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন, ছয় মাসের মধ্যে কাউন্সিল বন্দরে অর্থের বিনিময়ে মাদক ব্যাবসায়ীদের মুক্তির ঘটনায় তোলপাড়

অধ্যক্ষের পদত্যাগ ঘিরে রংপুর পলিটেকনিকে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬

  • শেয়ার করুন

রংপুর প্রতিনিধি: রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বহিরাগতদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদ পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন। প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ডিবি পুলিশের প্রহরায় কক্ষ ত্যাগের সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও নগর কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় তিনি পুলিশকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

ক্যাম্পাস ও পুলিশ সূত্রে জানা যায়, অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না দিয়ে বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ তুলে দুই দিন ধরে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার পর আন্দোলনকারীরা মারমুখী হয়ে ওঠে এবং রাত ১১টার দিকে তাকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করে।

সংঘর্ষের বিষয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন ছিল; কিন্তু শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষক-কর্মচারীদের জিম্মি করে তাণ্ডব চালিয়েছে। রাতে ডিবি পুলিশ অধ্যক্ষকে সরিয়ে নেওয়ার সময় শিবিরের কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের সহযোগিতা করতে গেলে আমাদের ও স্থানীয় সাতজন আহত হন।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিবিরের নীতিগত সমর্থন ছিল; কিন্তু ক্যাম্পাসে যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার সঙ্গে ছাত্রদলের সন্ত্রাসী ও বিএনপি-সমর্থিত বহিরাগতরা জড়িত। বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষার্থীরা তা প্রতিহত করে। এতে সাধারণ শিক্ষার্থীদের প্রায় ১৫ জন আহত হয়েছেন। শিবিরের কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন।’

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দিনভর শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা হয়। রাতে ক্যাম্পাসে কিছু অচেনা মুখ সশস্ত্র অবস্থান নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অধ্যক্ষকে নিরাপদে সরিয়ে আনতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ক্যাম্পাসে আর কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’

 

  • শেয়ার করুন