২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৩:১৬

রাজধানীতে অপরাধ দমনে জিরো টলারেন্সের নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগরীতে নাশকতা, মাদক কারবার, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাই এবং চাঁদাবাজির মতো অপরাধ নির্মূলে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। গত রোববার (২২ নভেম্বর ২০২৬) সকালে ডিএমপি সদর দপ্তরের ষষ্ঠ তলার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের প্রতি এই আহ্বান জানান।

সভায় কমিশনার স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন, প্রতিটি থানা এলাকায় নিয়মিত অভিযান জোরদারের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে মাঠে থাকার তাগিদ দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ডিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর জননিরাপত্তা নিশ্চিতকরণে ডিএমপি আরও সাফল্য অর্জন করবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, মো. শফিকুল ইসলাম, মো. মাসুদ করিম, আবদুল কুদ্দুস চৌধুরী এবং মোহাম্মদ ওসমান গণিসহ যুগ্ম কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার এবং রাজধানীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

 

  • শেয়ার করুন