প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৬
মোঃ ইব্রাহীম মিঞাঃ দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে বিরামপুর-ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী জয়নগর-রতনপুর অরক্ষিত রেলগেটের প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ৩৫৫ নম্বর পিলারের ৭/৮ অংশের কাছে ৩০০ নম্বর ব্রিজের ওপর রাজশাহী থেকে চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে শুক্রবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
হাকিমপুর (হিলি) রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. তাজরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দিনাজপুরে পাঠানো হবে।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। কেউ যদি নিখোঁজ স্বজনের সন্ধান না পেয়ে থাকেন, তাহলে নিকটস্থ রেলওয়ে পুলিশ ফাঁড়ি বা থানায় যোগাযোগ করে মরদেহটির পরিচয় শনাক্তে সহায়তা করতে পারেন।রেললাইনে অসতর্কভাবে চলাচল কিংবা রেললাইন পারাপার কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—এই মর্মান্তিক ঘটনাটি তারই একটি দুঃখজনক উদাহরণ।