২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:০৫

সিকিউরিটি গার্ডকে মারধর ও দেশীয় অস্ত্রে হত্যার হুমকি: অভিযোগের ১ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬

  • শেয়ার করুন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় কর্মরত এক সিকিউরিটি গার্ডকে মারধর এবং অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার ১ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম আরিফুল ইসলাম আরিফ (৩৭)। সে রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত।

ঘটনার শিকার মোঃ সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। গত ১৯ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছিলেন।

এ সময় রোগী ধরার দালাল আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন তাকে সচেতনতামূলক বক্তব্য প্রচার করতে নিষেধ করে। সাব্বির হোসেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরে জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে অন্যদের উসকানিতে আরিফ দৌড়ে ভবনের পেছন থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র এনে সাব্বিরের গলায় ধরে প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন। নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার মাত্র ১ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় ভুক্তভোগী তার কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ২০ আগস্ট রাজপাড়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে দেশীয় অস্ত্রটি উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

 

 

 

 

 

 

 

  • শেয়ার করুন