প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬
মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর ঃ দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও মারধরের অভিযোগের প্রতিবাদে বিরামপুরে সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘট পালন করেছেন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির নেতৃত্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর এলাকার মেল বাস কাউন্টারের সামনে সড়ক অবরোধ করা হয়।
এ সময় শ্রমিকরা বিভিন্ন যানবাহন চলাচলে বাধা দেন। ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, সম্পাদক মুকুল সরকার, সহ-সম্পাদক মো. আলী হোসেন, সড়ক সম্পাদক মো. পাপ্পু হক, প্রচার সম্পাদক মো. শাহ্ আলম মন্ডল এবং সদস্য আহসান হাবিব জনি ও জামিল হোসেনসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
শ্রমিক নেতাদের অভিযোগ, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের পর মারধর করা হয়েছে। এর প্রতিবাদে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণসহ বিভিন্ন দাবি জানান।
শ্রমিক নেতারা জানান, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করছেন। এর অংশ হিসেবে বিরামপুরেও মহাসড়ক অবরোধ করা হয়।
এদিকে, পরবর্তীতে দিনাজপুর জেলা পর্যায়ের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে আলোচনার স্বার্থে বিরামপুরের অবরোধ কর্মসূচি সাময়িক সময়ের জন্য শিথিল করে নেন শ্রমিক নেতারা। অবরোধ কর্মসূচি শিথিল করা হলেও পরিবহন শ্রমিকদের ধর্মঘট এখনো চালু রয়েছে। বিরামপুর উপজেলার পরিবহন শ্রমিক নেতারা জানান, জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে অবরোধ চলাকালে সাধারণ যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে দূরপাল্লার যাত্রী, রোগী, নারী ও শিশুদের দুর্ভোগে পড়তে দেখা যায়।
উল্লেখ্য, মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তারের ঘটনায় দিনাজপুর শহরসহ জেলার বিভিন্ন প্রবেশমুখে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও পরিবহন ধর্মঘটের কর্মসূচি পালন করছেন।