১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,দুপুর ২:২২

রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৬

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে রত্না আক্তার (১৭) নামের এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ কল পেয়ে আজ শনিবার সকাল ৬টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রত্না আক্তারের গ্রামের বাড়ি সিলেটে। বাবার নাম মো. দুলাল মিয়া।

নিউমার্কেট থানা–পুলিশ সূত্রে জানা যায়, এলিফ্যান্ট রোডের একটি ভবনের নবম তলার একটি ফ্ল্যাটে একজন বৃদ্ধ নারী থাকেন। দুজন গৃহকর্মী তাঁকে দেখাশোনা করতেন। তাঁদের মধ্যে একজন রত্না আক্তার। আড়াই মাস ধরে বাসাটিতে কাজ করছিল সে। দুজন গৃহকর্মী রাতে একটি কক্ষে ঘুমাতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতেও একসঙ্গে ঘুমান। তবে সকালে ঘুম থেকে উঠে পাশের আরেকটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রত্নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান অপর গৃহকর্মী। পরে বাড়ির মালিক জরুরি সেবা নম্বর ‘৯৯৯’–এ ফোন করে পুলিশকে খবর দেন।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাকে পাওয়া যায়। পুলিশ গিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে তার আগেই মারা যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ বলা যাবে।

 

  • শেয়ার করুন