প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬
নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা ওয়াসা (DWASA) বোর্ডের নতুন চেয়ারম্যান পদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সাব্বির মোস্তফা খানকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৩ (তিন) বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।
রোববার (২ আগস্ট ২০২৬) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
“পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬”-এর ধারা ৭(১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
প্রকাশিত ওই প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে পাঠানো হয়েছে