প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬
নিজস্ব প্রতিনিধি ঃ ভূমি অফিস মানেই অনেক সাধারণ মানুষের কাছে হয়রানি, দালালচক্র আর অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ। এবার সেই অভিযোগকে আরও উসকে দিল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখ নিজের কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গুনে নিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার।”
ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে অভিযুক্ত কর্মকর্তা দাবি করেছেন, এটি কোনো ঘুষের টাকা নয়। তার ভাষ্য, অনেকেই তার কাছ থেকে ব্যক্তিগতভাবে টাকা ধার নেন, পরে ফেরত দেন। ভাইরাল ভিডিওতে যে টাকা নেওয়া হয়েছে, সেটিও নাকি এমনই একটি ধার শোধের ঘটনা। যদিও তিনি ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করতে চাননি।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান জানিয়েছেন, এর আগেও ওই কর্মকর্তাকে কর্মস্থলে না পাওয়ায় শোকজ করা হয়েছিল। নতুন অভিযোগ তদন্ত করে সত্যতা মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রশ্ন হলো, যদি এটি সত্যিই ব্যক্তিগত ধার ফেরত নেওয়ার ঘটনা হয়, তাহলে সরকারি অফিসে, সরকারি চেয়ারে বসে সেই লেনদেন কেন? আর যদি এটি সেবার বিনিময়ে নেওয়া অর্থ হয়ে থাকে, তাহলে সেটি সরকারি সেবায় দুর্নীতির আরেকটি উদ্বেগজনক উদাহরণ।
ঘটনার প্রকৃত সত্য বের করতে নিরপেক্ষ তদন্তই এখন সবচেয়ে জরুরি। কারণ ভূমি সেবা এমন একটি খাত, যেখানে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা রাষ্ট্রের অন্যতম বড় চ্যালেঞ্জ।