প্রকাশিত: মে ৭, ২০২৬
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ

ফতুল্লা থানা
পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ ৫ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানার ২ এসআই ও ৪ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।বুধবার রাতেই তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার করা ২ পুলিশ কর্মকর্তা হলেন- ফতুল্লা মডেল থানার এসআই আবুল বাশার ও এএসআই আশিক। তবে কনস্টেবলদের নাম জানা যায়নি।
এদিকে বৃহস্পতিবার ভোরে দেওভোগ হাসেমবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ রনি নামে এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, কোনো অপরাধী ছাড় পাবে না। মাদক সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার হাশেমবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মো. সোলায়মানের বাড়িতে সন্ত্রাসীরা লুটপাট করার সময় খবর পেয়ে ফতুল্লা মডেল থানার একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে প্রত্যাহারকৃত ২ পুলিশ কর্মকর্তাসহ ৪ কনস্টেবল ছিলেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লুটপাটের সময় ৫ জনকে আটক করে হাতকড়া পরায় এবং লুট করে নিয়ে যাওয়ার সময় বেশ কিছু আসবাবপত্র উদ্ধার করে। তখন অন্তত ৩০-৩৫ জন দুর্বৃত্ত এসে আটক ৫ জনকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় হাতকড়া উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, ফতুল্লার কাশিপুর এলাকার কালু মিয়ার ছেলে রনিকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।