প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬
নিজস্ব সংবাদদাতা :

রাকিবুল হাসান রাকিব।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কলেজ শিক্ষার্থী রাকিবুল হাসান রাকিবকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনার নেপথ্য কারণ উঠে আসছে। মূলত পরকীয়া জনিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিনের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে। দুই ভাড়াটে খুনি কিলিং মিশনে অংশ নেয়।
রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন।তারা হলেন আসামি গোলাম রসুল শিহাব ও সাগর কবির।
জবানবন্দিতে তারা জানিয়েছেন, পরকীয়াজনিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটে। হত্যার জন্য খুলনা থেকে তাদের ভাড়াটে হিসাবে ঢাকায় আনা হয়। বুধবার আসামি গোলাম রসুল শিহাব ও সাগর কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই সঙ্গে রাফিন শেখ ও শাহরিয়ার নাজিম জয় নামে অপর দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিদের জবানবন্দি রেকর্ড ও রিমান্ডের আদেশ দেন।
জবানবন্দিতে শিহাব ও সাগর জানান, তারা টাকার বিনিময়ে খুনের কন্ট্রাক্ট নেন। খুলনার শীর্ষ সন্ত্রাসী সালাউদ্দিনের নির্দেশে তারা এই হত্যাকাণ্ডে অংশ নেন। হত্যার পেছনের বিস্তারিত কারণ তারা না জানলেও পরকীয়াজনিত বিরোধ রয়েছে বলে উল্লেখ করেন।
রাকিব হত্যার চার আসামির মধ্যে শিহাবকে ঘটনাস্থল কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে, সাগরকে পটুয়াখালী থেকে এবং রাফিন ও জয়কে খুলনা থেকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে হাজির করা হলে শিহাব ও সাগর স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হন এবং তা রেকর্ড করা হয়। অপরদিকে রাফিন ও জয়ের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।