প্রকাশিত: মার্চ ৮, ২০২৬
মাহফুজ জাহিদ :

নারায়ণগঞ্জ বন্দরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.সরকার আশ্রাফুল আলম,শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,সমাজ সেবা অফিসার ফয়সাল কবির, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, সমবায় অফিসার মো. আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন,গ্রাম্য আদালতের সমন্বয়ক সীমা আক্তার প্রমুখ।এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা, শিক্ষার্থী, নারী উদ্যোক্তা, সরকারি দফতর প্রধান ও নানা শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এসি ল্যান্ড রহিমা আক্তার ইতি বলেন, সর্বক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত ও বৈষম্য দূর করতে হবে।এ লক্ষ্যে সরকার আন্তরিক ও গুরুত্ব সহকারে কাজ করছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড সহ নারী ও শিশু বান্ধব কর্মসুচি গ্রহণ করা হয়েছে।সবাইকে নারী ও শিশুদের প্রতি সহিংস না হয়ে সহিষ্ণু আচরণ করার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। নারীর প্রতি সবধরনের নির্যাতন ও অবিচার রোধে সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাজ করার অনুরোধ জানান তিনি।
আলোচনা সভা শেষে নারী ও শিশুদের জন্য সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন সফল নারীকে পুরস্কৃত করা হয়।