প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬
জেলা প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।এ ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা মাদ্রাসা ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ,স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে,মাদ্রাসার হেফজ বিভাগে পড়ুয়া একাধিক শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে ওই শিক্ষক যৌন নির্যাতন ও ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।বিষয়টি জানাজানি হওয়ার পর বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের সদস্য ও স্থানীয় বিক্ষুব্ধরা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে ঘেরাও করেন।একপর্যায়ে তাকে মারধর করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।পরে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেওয়ার সময় উত্তেজিত লোকজন পুলিশের ওপর হামলা করেন।এতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানসহ তিন পুলিশ সদস্য আহত হন।
আহত অন্য দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক(এএসআই)নজরুল ইসলাম ও কনস্টেবল আজম হোসেন। তারা দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
খলিশাকুন্ডি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, মাদ্রাসার ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে তারা অভিযুক্ত শিক্ষককে অবরুদ্ধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শিক্ষককে উদ্ধার করে হেফাজতে নেয়।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান বলেন, অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা করেন। এতে তিনি নিজেসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় আনা হয়েছে।
ওসি আরও জানান,ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, আহত ওসিসহ তিন পুলিশ সদস্য হাসপাতালে এলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।