৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৪:২৩

দুর্নীতির সিন্ডিকেট ভেঙে দিতে সাব- রেজিস্ট্রারদের লটারিতে বদলি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬

  • শেয়ার করুন

আইন মন্ত্রণালয়ে আজ মঙ্গলবার লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রমের সূচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বিশেষ প্রতিবেদক:

যেসব দপ্তরে ঘুষ ও দুর্নীতির খবর পাওয়া যাবে, সেসব দপ্তরের কর্মকর্তাদের বদলি করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, “সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা ঘুষ-দুর্নীতির সিন্ডিকেট ভাঙতেই লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” সম্প্রতি অনুষ্ঠিত বদলির লটারি অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, সাব-রেজিস্ট্রারদের বদলি নিয়ে অতীতে অনেক অভিযোগ পাওয়া গেছে। সেই নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলির এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাদের বদলি করা হয়েছে, তাদের কঠোর নজরদারিতে রাখা হবে বলেও সতর্ক করেন তিনি। মন্ত্রী বলেন, কারোর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, বর্তমানে সারা দেশে ৩৭২টি সাব-রেজিস্ট্রার পদের মধ্যে ১৩৯টি পদ শূন্য রয়েছে।

অনুষ্ঠানে ঢাকা জেলার ‘এ’ ক্যাটাগরির ১৮টি সাব-রেজিস্ট্রার পদের জন্য লটারির মাধ্যমে ১৮ জন কর্মকর্তাকে নির্বাচন করা হয়। নির্বাচিত ১৮ জন কর্মকর্তা হলেন:

১. অমিত মঙ্গল চাকমা (সাতকানিয়া, চট্টগ্রাম) ২. মো. রাসেল মল্লিক (সদর, কুষ্টিয়া) ৩. গোবিন্দ সাহা (মনোহরদী, নরসিংদী) ৪. মো. মাসুম (নাজিরপুর, পিরোজপুর) ৫. এস এম আবু মুসা (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া) ৬. নাজনিন জাহান (শ্যামনগর, সাতক্ষীরা) ৭. মো. গোলাম মোর্তজা (রূপগঞ্জ, নারায়ণগঞ্জ) ৮. অমায়িক বাবু (সদর, সাতক্ষীরা) ৯. ফরিদা আক্তার (চিতোষী, চাঁদপুর) ১০. অজয় কুমার সাহা (সদর, চুয়াডাঙ্গা) ১১. মোহাম্মদ হানিফ (দাউদকান্দি, কুমিল্লা) ১২. মনীষা রায় (পীরগঞ্জ, ঠাকুরগাঁও) ১৩. সিং মং থোয়াই (গাছবাড়িয়া, চট্টগ্রাম) ১৪. রাজিব মজুমদার (গোপালপুর, টাঙ্গাইল) ১৫. আলী আজগর (সদর, মুন্সীগঞ্জ) ১৬. শর্মিলা আহমেদ শম্পা (ঘিওর, মানিকগঞ্জ) ১৭. আমিনা বেগম (সদর, যশোর) ১৮. টিনু চাকমা (ফটিকছড়ি, চট্টগ্রাম)

লটারির মাধ্যমে বদলি নির্বাচন কার্যক্রমে উপস্থিত ছিলেন আইন সচিব লিয়াকত আলী মোল্লা, অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) শামীমা আফরোজ, সাব-রেজিস্ট্রার অ্যাসোসিয়েশনের সভাপতি রমজান খান, মহাসচিব মাইকেল আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

 

  • শেয়ার করুন