প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি ঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চান তারা। তবে তাকে কোনো ধরনের তোষামোদ বা চাটুকারিতা করা হবে না, বরং প্রয়োজনে সঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে। তার মতে, এই মুহূর্তে দেশ পরিচালনায় তারেক রহমানের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। দেশের কৃষ্টি, সংস্কৃতি ও জাতীয় চেতনার সমন্বয়েই জাতীয়তাবাদী শক্তি গড়ে উঠেছে। রাষ্ট্রকে সঠিক পথে আনতে আইনের ভেতরে থেকে বিভিন্ন পথ অবলম্বন করা যেতে পারে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে গয়েশ্বর বলেন, কাউকে বেহেশতের টিকিট দেওয়ার এখতিয়ার কারও নেই। দেশের স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গয়েশ্বর বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বেই তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। তবে তারেক রহমানের তোষামোদ না করে তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করা হবে।
ভারতের সঙ্গে সম্পর্ক ও বিগত সরকারের নীতি প্রসঙ্গে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে যা দিয়েছেন তা অত্যন্ত বেশি। দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে শুধু সীমান্ত নয়, অভ্যন্তরীণ পরিস্থিতির দিকেও তীক্ষ্ণ নজর রাখা প্রয়োজন। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নজর রাখার তাগিদ দেন তিনি।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ঐক্যের ধারা বজায় রেখে গণতন্ত্রকে সুসংহত করার ওপরও গুরুত্ব দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন পিএনপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র রক্ষা এবং জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।