প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬
জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের সঙ্গে বিরামপুর প্রেসক্লাব, কলাবাগানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিরামপুর শহর ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,মাদকদ্রব্যের বিস্তার,জুয়া,কিশোরদের অপরাধপ্রবণতা,জননিরাপত্তা এবং সাংবাদিকদের সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়।সভায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বিরামপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে পুলিশ প্রশাসনের বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। মতবিনিময় কালে মাদকদ্রব্যের ক্রয় বিক্রয়,সরবরাহ ও সেবন এবং বিভিন্ন স্থানে জুয়ার আসর পরিচালনার অভিযোগের বিষয়ে আলোচনা করা হয়। এসব অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান, তথ্য সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় বলা হয়,একটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাই যথেষ্ট নয়;পাশাপাশি জনপ্রতিনিধি, সাংবাদিক,সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতাও প্রয়োজন। অপরাধের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো এবং জন সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার বিষয়ে সভায় ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনগত ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। এ সময় সাংবাদিকরা বিরামপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নবাগত ওসির কাছে তুলে ধরেন। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নজরদারি জোরদার,মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান,অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সাংবাদিকরা বলেন,বিরামপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। কোনো অপরাধ বা অনিয়মের তথ্য পাওয়া গেলে তা যাচাই বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার ক্ষেত্রেও সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে মত দেন।
মতবিনিময় সভায় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম মন্ডল,সিনিয়র সহ সভাপতি মোঃ হাফিজ উদ্দিন সরকার,সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজওয়ান আলী,সহ সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী,প্রচার সম্পাদক মোঃ আব্দুল আলিম স্বর্ণকারসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস্য,মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল,মোঃ নয়ন মিয়া,মোঃ হাসিন ইসরাক সরকার,মোঃ শফিকুল ইসলাম,মোঃ ফাহিম সরকার, মোঃ রানা সরকার,মোঃ আবেদুর রহমান বিশ্বাস রনি,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ হানিফুর রহমান গুড্ডু ও মোঃ মাজিদুর রহমান নাদিমসহ প্রেসক্লাবের আরও অনেকে। মত বিনিময় সভায় নবাগত ওসি মোঃ আব্দুর রাজ্জাকের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিরামপুরের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা। স্থানীয় সচেতন মহলের মতে,মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো গেলে বিরামপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ নাগরিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।